নয়াদিল্লি: ইতিহাসের পুনরাবৃত্তি। ২৫ বছর পর। ২০২৭ সালে চারজন প্রধান বিচারপতি পেতে চলেছে সুপ্রিম কোর্ট। এমনটা শেষবার হয়েছিল ২০০২ সালে। শীর্ষ আদালত সূত্রে খবর, আগামী বছর ৯ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে বর্তমান প্রধান বিচারপতি সূর্য কান্তের। তাঁর পরে একই বছরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসনে বসবেন বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি বি ভি নাগরত্না ও বিচারপতি পি এস নরসিমহা। বিচারপতি নাথের মেয়াদ শুরু ১০ ফেব্রুয়ারি। চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর বিচারপতি নাগরত্না এই পদে থাকবেন ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর। এরপর দায়িত্ব নেবেন বিচারপতি নরসিমহা।
তাঁর মেয়াদ ২০২৭ সালে ৩০ অক্টোবর থেকে ২০২৮ সালের ২ মে পর্যন্ত। প্রসঙ্গত, ২০০২ সালেও একই নজির তৈরি হয়েছিল। সেবছর দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন বিচারপতি এস পি ভারুচা, বিচারপতি বি এন কৃপাল, বিচারপতি জি বি পট্টনায়েক, বিচারপতি ভি এন খারে।



