নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভয় দেখিয়ে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা লেনদেন করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল ডানকুনি পুলিস। চন্দননগর কমিশনারেটের কর্তাদের দাবি, ধৃতরা সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত। বিষয়টি নিয়ে বিশদে তদন্ত করতে মঙ্গলবারই তাঁদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিস। আদালত ধৃত চারজনকেই ছ’দিনের পুলিস রিমান্ডের অনুমোদন দিয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সুরজ সিং, সৌরভ শর্মা, কিশোর সোনকার ও সাগর শর্মা। তাদের ডানকুনি থেকেই ধরা হয়েছে।
পুলিস জানিয়েছে, সোমবার এনিয়ে ডানকুনির এক বাসিন্দা অভিযোগ করেছিলেন। উত্তর সুভাষপল্লির ওই বাসিন্দার অভিযোগ ছিল, তাঁর পরিচিত এক ব্যক্তি সামান্য কিছু টাকার লেনদেনের জন্য তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে চান। তিনিও তা করতে দিয়েছিলেন। কিন্তু তারপরে দেখা যায়, প্রায় তিন থেকে চারবার তাঁর অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা ঢুকেছে। এনিয়ে তাঁর সন্দেহ হওয়ায় তিনি আর তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করতে দিতে রাজি হননি। অভিযোগ, তখন তাঁকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এনিয়ে তিনি সোমবার ডানকুনি থানায় অভিযোগ দায়ের করেন। তারপরেই পুলিস পদক্ষেপ শুরু করে।
ডানকুনির অভিযোগকারী বলেন, বিপুল অঙ্কের টাকা লেনদেন হচ্ছিল। আমার সন্দেহ হতেই আমি লেনদেন করতে অস্বীকার করি। তখনই ব্ল্যাকমেল করা শুরু হয়। আমি ভয় না পেয়ে সবটা পুলিসকে খুলে বলি। পুলিসকর্তাদের ধন্যবাদ, তাঁরা আমাকে সাহায্য করেছেন। এক পুলিসকর্তা বলেন, সাইবার প্রতারণার টাকা লেনদেনের জন্য একটি নতুন ফাঁদ পেতেছিলেন প্রতারকরা। উত্তর সুভাষপল্লির ওই বাসিন্দাকে অভিযুক্তদের একজন বলেছিলেন, তাঁর অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছে। তাই তিনি ওই ব্যক্তির অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইছেন। এটা নতুন কায়দা। আমরা গোটা ঘটনার তদন্ত করছি।