নিজস্ব প্রতিনিধি, বরানগর: মুড়াগাছার পানশালায় যুবক খুনের ২৬ দিন পর চার অভিযুক্তকে ঘোলা থানার পুলিশ গ্রেপ্তার করল। ধৃতদের নাম অরুণ ঘোষ ওরফে নীল, সুজল শেঠ, আকাশ পাত্র ওরফে বাচ্চা ও আকাশ রায়। ধৃতরা মধ্যমগ্রাম থানা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার বসিরহাটের বাদুড়িয়া থেকে ঘোলা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। এই ঘটনায় আগেই এক মহিলাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতরা গত কয়েকদিনে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পরপর জায়গা বদল করছিল। যে কোনো সময় সীমান্ত টপকে বাংলাদেশ পালানোর ছক ছিল তাদের। তার আগেই পুলিশ তাদের পাকড়াও করে।
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর রাতে মুড়াগাছার কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এক পানশালায় শিবশঙ্কর দাসের মৃত্যু হয়েছিল। পানশালার চেয়ারে বসা নিয়ে দুই গোষ্ঠীর বচসা থেকে হাতাহাতির সময় শিবশঙ্কর দাসকে বেধড়ক মারধর করা হয়েছিল বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশ প্রথমে দিপাসা দাস ওরফে দিয়া নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছিল। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে আরও চার ব্যক্তিকে চিহ্নিত করা হলেও তাঁদের খোঁজ মিলছিল না। তাদের মধ্যে মূল অভিযুক্ত অরুণ ওরফে নীল ছিল পানশালার প্রাক্তন ফ্লোর ম্যানেজার। মুড়াগাছা থেকে বারাকপুর পর্যন্ত বিভিন্ন পানশালায় তার ছিল অবারিত দ্বার। ওই রাতে নীল, দিয়া সহ বাকি বন্ধুদের সঙ্গে শিবশঙ্কর ওই পানশালায় গিয়েছিলেন। দিয়া আগে পানশালায় নর্তকীর কাজ করত। কিন্তু নীলের সঙ্গে সম্পর্ক হওয়ার পর ওই কাজ ছেড়ে দেয় সে। থাকতে শুরু করে নীলের সঙ্গে। ঘটনার রাতে বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর যোগেন্দ্রনগর ঘোষপাড়া পেয়ারাবাগান এলাকার বাসিন্দা শিবশঙ্কর ভাই ও বন্ধুদের সঙ্গে একপ্রস্ত মদ খাওয়ার পর ওই বারে ফের মদ খেতে গিয়েছিলেন। সেখানে চেয়ারে বসা নিয়ে দু’পক্ষের গোলমাল ও হাতাহাতি হয়। ওই সময় শিবশঙ্করকে নীল সহ বাকিরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তারপর তিনি মারা যান।
পুলিশ এই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পাঁচজনকে চিহ্নিত করেছিল। প্রথমে দিয়াকে গ্রেপ্তার করা হয়। বাকি চারজনের খোঁজ মিলছিল না। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তরা নিজেদের সিম কার্ড বদলে নতুন সিম ব্যবহারের পাশাপাশি দ্রুত জায়গা বদল করছিল। তারা ভুবনেশ্বর সহ একাধিক রাজ্যে ঘোরে। পুলিশের টিম পিছু ধাওয়া করছে বুঝে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আত্মগোপন করেছিল। সেখান থেকে তারা বসিরহাটের বাদুড়িয়া সহ সীমান্তবর্তী একাধিক জায়গায় ঘুরছিল। সুযোগ বুঝে বাংলাদেশ পালানোর ছক কষছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে পুলিশের জালে তারা ধরা পড়ে যায়।



