সংবাদদাতা, দিনহাটা: সোমবার রাতে সিতাইয়ের জিসিপিএ সভাপতি তথা ছাব্বিশের ভোটে বিজেপি প্রার্থী আশুতোষ বর্মার বাড়িতে আসে চার যুবক। তাদের মধ্যে এক যুবকের পকেটে ছিল বন্দুকের গুলি। পরে পুলিশ ওই যুবক সহ বাকিদের পাকড়াও করে। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল— চিরঞ্জিৎ বর্মন, জগৎচন্দ্র পাল, বিষ্ণুচন্দ্র বর্মন ও জয়দেব বর্মন। এদের বাড়ি সিতাই ব্লকের ধুমেরখাতা ও কায়েতেরবাড়ি এলকায়। সিতাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আশুতোষ বর্মার দেহরক্ষী। মঙ্গলবার ধৃতদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। ১১টা নাগাদ আশুতোষ বর্মার সঙ্গে দেখা করার অছিলায় তাঁর বাড়িতে আসে ওই যুবকরা। সন্দেহ হওয়ায় চিরঞ্জিৎ বর্মনের দেহে তল্লাশি চালান বাড়িতে থাকা নিরাপত্তা রক্ষীরা। সেই সময় চিরঞ্জিতের পকেট থেকে তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা তিন যুবককেও আটক করেন তাঁরা। বিষয়টি জানানো হয় আশুতোষ বর্মাকে। খবর যায় সিতাই থানায়। পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা বলেন, আমার সঙ্গে দেখা করবে বলে তারা ফোনে জানিয়েছিল। আমি আসতে বলেছিলাম। কিন্তু রাত হয়ে যাওয়ায় তারা না আসায় আমি ঘরে ঢুকে যাই। পরে নিরাপত্তা রক্ষীরা বিষয়টি জানান। থানায় জানানো হলে পুলিশ এসে ওদের নিয়ে যায়। আমার মনে হচ্ছে ওদের কোনো মতলব ছিল। যাইহোক পুলিশ তদন্ত করে দেখুক।



