নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বহুমূল্যের অ্যান্টিক জিনিসপত্র বিক্রির নামে একটি প্রতারণা চক্রের কিনারা করল বিধাননগর দক্ষিণ থানার পুলিস। ৬৮ লক্ষ টাকা প্রতারিত হয়ে এক ব্যক্তি ওই থানায় অভিযোগ করেছিলেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিস চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করল। ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, নগদ সাড়ে ৩ লক্ষ টাকা সহ বিভিন্ন কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম রবিউল গাজি, হাসানুর জামান গাজি, বাদিরুল আলম এবং ওয়াসিম আক্রম। প্রথম দু’জনের বাড়ি বসিরহাটে এবং অপর দু’জনের বাড়ি মালদহে। পুলিস জানিয়েছে, মণীশ কুমার নামে বিহারের এক ব্যক্তি ওই চক্রের ফাঁদে পা দিয়ে ৬৮ লক্ষ টাকা দিয়েছিলেন। প্রতারিত হয়ে তিনি সল্টলেকে আসেন। তারপর বিধাননগর দক্ষিণ থানায় গত এপ্রিল মাসে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে জানতে পারে, নিউটাউনে ওই চক্রের একটি অফিসও রয়েছে। তারপরই সেখানে হানা দিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।



