বালুরঘাটের  খিদিরপুর ইলেকট্রিক চুল্লি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, সংস্কারের জন্য বন্ধ থাকবে ৩দিন
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: ধোঁয়ার সঙ্গে ছড়াচ্ছে দুর্গন্ধ। বালুরঘাটের খিদিরপুর ইলেকট্রিক চুল্লির এমন ঘটনায় গত কয়েকদিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ইতিমধ্যেই খিদিরপুর শ্মশানের গেটে তালা মেরে বিক্ষোভ দেখিয়েছে উত্তেজিত জনতা। মঙ্গলবারের ওই ঘটনার পর চুল্লি মেরামতির সিদ্ধান্ত নিয়েছে বালুরঘাট পুরসভা। বুধবার পুরসভার তরফে জানানো হয়েছে, মেরামতির জন্য আগামী তিনদিন বন্ধ রাখা হবে বৈদ্যুতিক চুল্লি। তবে বারবার বৈদ্যুতিক চুল্লি বিকল হওয়া এবং তা ঘিরে একের পর এক বিতর্কে অস্বস্তিতে পুরকর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ এই পরিষেবা বারবার ব্যহত হওয়ায় শ্মশানে মৃতদেহ সৎকার নিয়ে সমস্যা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। যদিও বা পুরসভার বক্তব্য, মৃতদেহ পোড়াতে পর্যাপ্ত কাঠের ব্যবস্থা করা হচ্ছে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, নির্দিষ্ট সময় অন্তর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি মেরামতি করা হয়। চুল্লিটি সংস্কার করা হবে। যা শেষ করতে দুই থেকে তিন দিন সময় লাগবে। তাই আপাতত চুল্লি বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মৃতদেহ সৎকার করতে এসে যাতে শ্মশানযাত্রীদের সমস্যায় পড়তে না হয়, তাই কাঠের ব্যবস্থা করা হচ্ছে। বালুরঘাট শহরে খিদিরপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লি রয়েছে। পুরসভা সূত্রে খবর, ২০১৭ সালে ১ কোটি ৮১ লক্ষ টাকা খরচ করে এটি বসানো হয়। প্রথমদিকে ভালোই চলছিল। কিন্তু, ২০২২ সালের পর থেকে চুল্লি বহুবার বিকল হয়েছে। যা মেরামতের জন্য গত চার বছরে প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ করতে হয়েছে পুরসভাকে। সম্প্রতি আবার চুল্লিতে সমস্যা দেখা দিয়েছে। শবদেহ চুল্লিতে পোড়ানো শুরু হলেই ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ছে। ছড়াচ্ছে দুর্গন্ধও। যার ফলে আশেপাশের মানুষ সমস্যায় পড়ছে। স্থানীয় বাসিন্দা ববিতা সরকার বলেন, কাঠ দিয়ে মৃতদেহ সৎকার হোক আমাদের তাতে কোনো সমস্যা নেই। কারণ ইলেকট্রিক চুল্লি থেকে ছাই উড়ছে, দুর্গন্ধ বহুক্ষণ এলাকায় থাকছে। পুরসভার নজরে বিষয়টি এনেও কাজ না হওয়ায় আমরা মঙ্গলবার শ্মশানের গেটে তালা মেরে দিয়েছিলাম। তারপরেই পুরসভার হুঁশ ফিরেছে। 

Advertisement