Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

একুশের ভোট পরবর্তী হিংসা মামলায় ধৃত নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, ৬ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ

দত্তপুকুর থেকে শনিবার সকালে নৈহাটি থানার পুলিশ গ্রেপ্তার করল নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে-কে। তাঁর বিরুদ্ধে ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসা এবং মারধরের একাধিক অভিযোগ যেমন রয়েছে, তেমনই আছে তোলাবাজির অভিযোগ।

একুশের ভোট পরবর্তী হিংসা মামলায় ধৃত নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, ৬ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দত্তপুকুর থেকে শনিবার সকালে নৈহাটি থানার পুলিশ গ্রেপ্তার করল নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে-কে। তাঁর বিরুদ্ধে ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসা এবং মারধরের একাধিক অভিযোগ যেমন রয়েছে, তেমনই আছে তোলাবাজির অভিযোগ। এদিন ধৃতকে বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা ‘চোর চোর’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। তাঁকে আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

Advertisement

২০২৪ সালের লোকসভা ভোটে নৈহাটির তৎকালীন বিধায়ক পার্থ ভৌমিক তৃণমূলের টিকিটে বারাকপুর আসনে জিতে সাংসদ হন। তাঁর ছেড়ে যাওয়া আসনে ওই বছরই উপনির্বাচন হয়। তৃণমূলের বিধায়ক হন সনৎ। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি। সম্প্রতি নৈহাটি থানায় সনৎ দে’র বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। তারপর থেকে তাঁকে এলাকায় দেখা যচ্ছিল না। দিন কয়েক আগে তাঁর বাড়িতে ও দোকানে হানা দেয় পুলিশ। 
এই গ্রেপ্তারি নিয়ে রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং বলেন, ‘সনৎ যেদিন উপনির্বাচনে জিতেছিলেন, সেদিনই জগদ্দল থানার সামনে এক বিজেপি কর্মী খুন হয়েছিলেন। উনি (সনৎ) একজন আদ্যোপান্ত অপরাধী, বিধায়ক কম, তোলাবাজ বেশি। কীভাবে সনৎ এত সম্পত্তি করলেন, পুলিশ খতিয়ে দেখুক।’ নৈহাটি থানার পাশে সরকারি বাসস্ট্যান্ডের জমি দখল করে পাথর-বালির ব্যবসা থেকে শুরু করে প্রোমোটারি কারবারে অবৈধভাবে কোটি কোটি টাকা কামানোর অভিযোগ রয়েছে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। বীরভূমের টুলু মণ্ডলের সঙ্গেও ধৃতের যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন শ্রমমন্ত্রী। প্রসঙ্গত, নৈহাটির বর্তমান বিধায়ক বিজেপির সুমিত্র চট্টোপাধ্যায় কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে সনতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়েছিলেন। তাঁর দাবি ছিল, কোনোরকম নিয়মনীতির তোয়াক্কা না করেই সনতের ঠিকাদারি সংস্থা নৈহাটি হাসপাতালের উন্নয়নমূলক কাজের বরাত পেয়েছিল। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২০২১-এর ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। এরপর বাকি মামলাগুলিও একে একে যুক্ত করা হবে। এদিকে, সনৎ দে গ্রেপ্তার হতেই বারাকপুর শিল্পাঞ্চলজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই একের পর এক নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে। এদিন ধৃতকে বারাকপুর আদালতে তোলার সময় তিনি বলেন, ‘আমাকে কেন গ্রেপ্তার করা হল, সেটা পুলিশই বলতে পারবে।’ নির্বাচনের ফল বেরনোর পর এনসিপিআই-তে যোগ দেওয়া বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সনৎ কটাক্ষের সুরে বলেন, ‘উনি (পার্থ ভৌমিক) বড়ো মাপের নাট্যকার!’ মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ‘পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। বারাকপুরের মাটিতে যে-ই অন্যায়, অত্যাচার করেছে, তাঁকে এখানেই ফল ভুগতে হয়েছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ