Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বরে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান

তারকেশ্বরের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান স্বরূপ ঘোষকে গ্রেপ্তার করল পুলিস।

তারকেশ্বরে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বরের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান স্বরূপ ঘোষকে গ্রেপ্তার করল পুলিস। তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা ঝুলে রয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশ অমান্য করে গ্রামে হুমকি দিয়ে পুজো বন্ধ করা ও বিকল্প পুজোর আয়োজনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Advertisement

২০১০ সালে তারকেশ্বর পুরসভায় ক্ষমতায় আসে তৃণমূল। তারপর থেকেই শহর ও লাগোয়া গ্রামে দাপট বাড়ে তৃণমূলের স্থানীয় নেতা স্বরূপ ঘোষের। এলাকায় তাঁকে সকলে ‘ডাবা’ নামেই চেনেন। ২০১৮-’২৩ সাল পর্যন্ত সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি। এই সময়কালে তাঁর ঔদ্ধত্য ও দাপটের কারণ আতঙ্কিত হয়ে থাকতেন গ্রামবাসীরা। ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের পর দলীয় নির্দেশ না মেনে তিনি প্রধান পদে ভোটাভুটিতে অংশ নিলেও হেরে যান। এরপর দলের সঙ্গে দূরত্ব বাড়ে স্বরূপ ঘোষের।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে বোমাবাজি ও ২০১৪ সালে বিরোধী দলের সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগে সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের এই প্রাক্তন প্রধানের বিরুদ্ধে মামলা হয়। ঐতিহ্যবাহী তেঘরী কালীপুজো নিয়ে গণ্ডগোলে তাঁর বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল। সেই ঘটনায় মামলা পর্যন্ত হয়। তিনি আদালতের নির্দেশ না মেনে সেবায়েতদের হুমকি দিয়ে পুজো বন্ধ করে দেন। পরবর্তী পর্যায়ে নিজেরাই পুজোর আয়োজন করেন।
পুরনো একাধিক মামলায় স্বরূপ ঘোষ জামিন পেলেও আদালতে আইনি লড়াই চলছিল। কিন্তু তিনি বারে বারে আদালতে হাজিরা এড়িয়ে যাওয়ায় চন্দননগর আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তার ভিত্তিতেই পুলিস গ্রেপ্তার করে তৃণমূলের এই প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ