নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ফের গ্রেপ্তার করা হল তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুণ্ডুকে। ফের জমি জালিয়াতির মামলাতেই হুগলি গ্রামীণ পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন করে তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছিল। প্রসঙ্গত, গত ১৯ আগস্ট তাঁকে প্রথমবার গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই মামলাতে তিনি সেদিনই জামিন পান। এরপর ফের রবিবার তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে পুলিশ। এদিন বিচারক তাঁকে ১৪ দিনের জন্য পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে, এদিন তাঁর দ্বিতীয়বার গ্রেপ্তার হওয়ার খবর ছড়াতেই বিজেপি’র সমর্থকরা তারকেশ্বর থানায় ভিড় জমান। সেখানে শববহনের জন্য তৈরি করা খাটিয়া নিয়ে এসে বিক্ষোভ দেখানো হয়। খাটিয়াতে একটি ডিম রেখে সেটিকে উত্তম কুণ্ডু’র নামে চিহ্নিত করা হয়েছিল। একদল বিজেপি সমর্থক এদিন থানা চত্ত্বরে উত্তমের গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে দেন। তাঁদের দাবি, জুতোর মালা পরানো উচিত ছিল। কিন্তু সৌজন্য দেখিয়ে গাঁদা দেওয়া হয়েছে। উত্তম এদিন কোনও মন্তব্য করেননি। তবে তাঁকে বেশ নির্লিপ্ত দেখিয়েছে।



