Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গড়াপেটা চক্রে জড়ান বড় ক্লাবে খেলা প্রাক্তনীও

গড়াপেটা ময়দানের পুরোনো রোগ। চোখের পলকে বদলে যায় সমীকরণ।  বটতলার আলো-আঁধারিতে ফিসফাস। পয়েন্ট দেওয়া-নেওয়ার খেলা দানা বাঁধে।

গড়াপেটা চক্রে জড়ান বড় ক্লাবে খেলা প্রাক্তনীও
  • ১৩ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

গড়াপেটা ময়দানের পুরোনো রোগ। চোখের পলকে বদলে যায় সমীকরণ।  বটতলার আলো-আঁধারিতে ফিসফাস। পয়েন্ট দেওয়া-নেওয়ার খেলা দানা বাঁধে। মোবাইল ফোন কিংবা নেটযুগের আগেও নিখুঁত অঙ্কে চলত অপারেশন। কেমন ছিল সেসব দিন? এই নিয়েই বর্তমানের অন্তর্তদন্ত।

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়দান বড় কঠিন ঠাঁই। জনপ্রিয় বাংলা সিনেমার মুচমুচে সংলাপ ধার করে বলতে হয়, ‘এখানে বাঁচতে গেলে চাঁছতে হয়।’ ফিক্সিংয়ের খেলায় পিএইচ ডি করেছেন কেউ কেউ। সেই চক্রে এক প্রাক্তন ফুটবলারকে জড়াতে দেখে অনেকেই বিস্মিত। বড় দলে মোটামুটি চেনামুখ। মিলিটারি মার্কা গোঁফ। কথার সুরে দাপট স্পষ্ট। নীল ফোলিও ব্যাগ সবসময়ের সঙ্গী। ভিতরে ছোট্ট ডায়েরিতে বিভিন্ন ডিভিশনের ঠিকুজি, কুষ্ঠি। গোল পার্থক্য, পয়েন্ট, লিগ টেবিলের আপডেট রাখতে সেই প্রাক্তনের জুড়ি নেই। বটতলায় চালু রসিকতা, ‘অমুকের ফোলিও ব্যাগ না থাকলে কয়েকশো গড়াপেটা কম হত।’ মোবাইল পূর্ব যুগে গোপন বার্তা পৌঁছানোর রানার তিনি। একটা কিনলে একটা ফ্রি’য়ের মতো মূল্যবান পরামর্শ মিলত। অনেক ঘাম ঝরিয়ে ফুটবল খেলেছেন। লড়াকু হিসাবে খ্যাতিও ছিল। কীসের লোভে এই অধঃপতন? স্পোর্টিং স্পিরিটের জয়গান গায় ফুটবল। অথচ অনৈকতার পাঁকে নিমজ্জিত তিনি। কী শেখাতেন নিষ্পাপ খুদে ফুটবলারদের? বছরের পর বছর এক বিশেষ লবির অঙ্গুলিহেলনে রশি রাশি গড়াপেটার কিংপিন এই প্রাক্তন ফুটবলার কয়েক বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করেন। কিন্তু ‘দাদার কীর্তি’ বটতলায় অমর। 
ফোলিও ছেড়ে চুরুটে আসা যাক। মিঠে তামাকের  গন্ধ তাঁর উপস্থিতি জানান দিত। পকেটের সুদৃশ্য কেসে সাজানো চুরুট। মৌজ করে ধোঁয়া টেনে ছক সাজানোই তাঁর অভ্যাস। অমনভাবে চুরুট টানতে দেখা যায়নি কাউকে। ক্রিকেটে আবার তাঁর ক্লাবের বেশি নামডাক। প্রাচীনকালের এক ডাকাত সর্দারের নাম জড়িয়ে ক্লাবের সঙ্গে। সেই কর্তার সৌজন্যে জলকাদার ময়দানে ডাকাতি হয়েছে অনেক পয়েন্ট। ক্লাব রাজনীতিতে টালিগঞ্জ অগ্রগামীর এক কর্তা তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী। সমান্তরাল রাজনীতি চালাতেন দু’জন। কার ক্ষমতা বেশি? টেক্কা দিতে সদাপ্রস্তুত সেই কর্তাও। তবে ময়দানি রাজনীতিতে গড়াপেটা থাকলেও টাকা ছড়ানো শুরু হয় হালে। আজকের আকাশ, সুজয়দের গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, আকাশ ঘনিষ্ঠ এক কর্তা প্রিমিয়ারের একটি ক্লাবর ফুটবল টিম গড়েছেন। বিপদ বুঝে ভিনরাজ্যে এখন শেল্টার নিয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ