সংবাদদাতা, খড়্গপুর: সাতসকালে গ্রেপ্তার করা হল মমতাপন্থী তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি তথা পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতিকে। আজ শুক্রবার সকালে তাঁকে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করে পিংলা থানার পুলিশ। দলীয় পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে টাকা আদায় ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, পিংলার বিজেপি নেতা গোবিন্দ দাস বৃহস্পতিবার অজিত মাইতির বিরুদ্ধে পিংলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক গোবিন্দ দাস অভিযোগ জানান ২০১৬ সালে তিনি পিংলার জামনা অঞ্চলের তৃণমূল সভাপতি ছিলেন। সেইসময়ই তাঁকে পিংলা ব্লক তৃণমূলের সভাপতি করার টোপ দিয়ে অভিযুক্ত অজিত মাইতি ১৫ লক্ষ টাকা নিয়েছিলেন। গৃহঋণের থেকে ১৫ লক্ষ টাকা অজিত মাইতিকে দিয়েছিলেন বলে দাবি বিজেপি বিধায়কের। পরে তাঁকে ব্লক সভাপতি করা তো দূরের কথা, তাঁর অঞ্চল সভাপতি পদও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ আইপিসি ৩৮৬ ও ৫০৬ ধারায় অভিযুক্ত অজিত মাইতির বিরুদ্ধে মামলা দায়ের করে বলে জানা গিয়েছে। এদিন ভোর থেকে অজিত মাইতির মাদপুরের বাড়ি ঘিরে ফেলে পিংলা থানার পুলিশ। এরপর তাঁকে গ্রেপ্তার করেন তাঁরা। এতদিন পর কেন অভিযোগ করা হয় তার উত্তরে গোবিন্দ দাস জানান, তৃণমূল আমলে প্রভাবশালী এই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সাহস হয়নি। পাশাপাশি অভিযোগ দায়ের করলেও পুলিশ গুরুত্ব দিত না। অপরদিকে পাল্টা জবাবে অজিত মাইতি এদিন সকালে জানান তাঁর বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করা হয়েছে। পুলিশ প্রশাসন ও আইনের উপর তাঁর আস্থা আছে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বিক্ষোভের আশঙ্কা থাকায় অভিযুক্তকে ডেবরা থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকেই আজ তাঁকে মেদিনীপুর আদালতে নিয়ে যাওয়া হবে।