সংবাদদাতা, বারুইপুর: জয়নগর-মজিলপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত সরখেলের জীবনাবসান হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়েছে স্থানীয় বাসভবনেই। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। প্রশান্ত সরখেল কংগ্রেস থেকে দু’দফায় (১৯৮১ থেকে ২০০১ এবং ২০০৫ থেকে ২০১০ সাল) পুর চেয়ারম্যান হন। তাঁর মৃত্যুতে জয়নগর-মজিলপুর শহরে গভীর শোকের ছায়া নেমেছে।
এদিন তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই স্থানীয় পুর চেয়ারম্যান সুকুমার হালদার এবং ভাইস চেয়ারম্যান রথীন হালদার তাঁর বাড়িতে গিয়ে সমবেদনা জানান। শেষশ্রদ্ধা জানাতে যান স্থানীয় বাসিন্দারাও। প্রশান্তবাবুর ভাইপো প্রাক্তন চেয়ারম্যান সুজিত সরখেল বলেন, প্রশান্তবাবু ২৬ বছর পুর চেয়ারম্যান এবং ৩৫ বছর পুর কাউন্সিলার ছিলেন। দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি। শেষ কয়েকমাস একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন। চিকিৎসা চলছিল তাঁর। প্রশান্তবাবুর ছেলে পার্থ সরখেল বলেন, বাবার অবদান জয়নগরের মানুষ কোনও দিন ভুলবে না। পুরসভা এলাকায় নানাবিধ উন্নয়ন তাঁর আমলেই হয়েছিল। তাঁর মৃত্যুতে পরিবার এবং সমাজের অপূরণীয় ক্ষতি হল।