Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রাহকের কোটি টাকার সোনার গয়না হাতিয়ে গ্রেপ্তার ব্যাঙ্কের প্রাক্তন কর্তা

অভিযোগের ভিত্তিতে ওই ব্যাঙ্কের তদানীন্তন ডেপুটি ম্যানেজার গোপালচন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে লালবাজার।

গ্রাহকের কোটি টাকার সোনার গয়না হাতিয়ে গ্রেপ্তার ব্যাঙ্কের প্রাক্তন কর্তা
  • ২০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: গ্রাহকের সই জাল করে বন্ধক রাখা কোটি টাকার সোনা ও হিরের গয়না ব্যাঙ্ক থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তদানীন্তন ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে ওই ব্যাঙ্কের তদানীন্তন ডেপুটি ম্যানেজার গোপালচন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে লালবাজার। খোঁজা হচ্ছে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজারকে। কোথায় সোনা রাখা হয়েছে তা নিয়েও খোঁজখবর চলছে।

Advertisement

পুলিস সূত্রে জানা যাচ্ছে, শিয়ালদহের অধ্যাপক ইসরাত আলি মোল্লার সঙ্গে পরিচয় ছিল ভবানীপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তদানীন্তন ওই ডেপুটি ম্যানেজারের। অভিযোগকারী তাঁকে ঋণের প্রয়োজনের কথা জানান। ডেপুটি ম্যানেজার জানান, তাঁর ব্যাঙ্ক থেকে ঋণ করিয়ে দেবেন। ২০১৭ সালের সেপ্টেম্বরে সোনা ও হিরে মিলিয়ে পৌনে এক কেজির গয়না বন্ধক রেখে স্ত্রী সিদ্দিকা খাতুনের নামে ৭৬ লক্ষ টাকা ঋণ নেন ইসরাত। ২০১৮ সালে গ্রাহক পুরো টাকা মিটিয়ে দেন ব্যাঙ্ককে। অভিযোগকারী মাঝখানে বিদেশ থাকায় বন্ধক রাখা সোনা ও হিরের অলঙ্কার ছাড়িয়ে আনতে পারেননি। তদানীন্তন ম্যানেজার তাঁকে বলেন, যখন খুশি এসে নেওয়া যেতে পারে। ২০২৪ সালের মার্চে তিনি সোনা ও হিরের অলঙ্কার নিতে গিয়ে জানতে পারেন, সেগুলি তোলা হয়ে গিয়েছে। ওই গ্রাহকের সই রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সই নকল করে কেউ গয়না তুলে নিয়ে গিয়েছে। বিষয়টি ওই ব্যাঙ্কের মুম্বইয়ের সদর দপ্তরে অভিযোগ করেন। নভেম্বর মাসে তাঁকে বলা হয়, জালিয়াতি হয়েছে। অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। ২০২৪-এর ডিসেম্বরে ভবানীপুর থানায় অভিযোগ করেন ইসরাত। তদন্তভার নেয় লালবাজার। 
লালবাজার তদন্তে নেমে ব্যাঙ্কের কাছ থেকে সমস্ত নথি চেয়ে পাঠায়। দেখা যায়, ওই ব্যক্তি সোনা ও হিরের গয়না জমা করেছিলেন। ঋণ শোধও করেছিলেন। অভিযোগকারীর হাতের লেখার নমুনা নেওয়া হয়। তার সঙ্গে গয়না তোলার সময় যে সই করা হয়েছে সেটির মিল নেই। সই নকল করা হয়েছে। ব্যাঙ্কের তদানীন্তন ডেপুটি ম্যানেজার ও প্রাক্তন ম্যানেজার ষড়যন্ত্র করে এই গয়না ব্যাঙ্ক থেকে হাপিস করে দিয়েছেন। গ্রাহকের সই নকল করেছেন দুজনেই। এরপরই তদানীন্তন ওই ডেপুটি ম্যানেজারকে সোমবার রাতে কলকাতায় তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত জিজ্ঞাসাবাদে জানিয়েছেন এই সোনা হাতানোর পরিকল্পনা তাঁর ও তদানীন্তন ম্যানেজারের। দুজনে ভাগ করে নিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ