নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ৯১ সালের পর থেকে প্রতিবার ভোট দিয়েছেন প্রাক্তন সেনাকর্মী। কিন্তু তাঁর কাছেই আসেনি ইনিউমারেশন ফর্ম। ওই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন কাপাসডাঙার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী ৮৭ বছরের শশীকান্ত হালদার। তিনি বলেন, খোঁজ নিতে গিয়ে জানতে পারি ২০২৫ সালের নতুন ভোটার তালিকায় আমার নাম নেই। আমি মৃত না বেঁচে আছি সেই তথ্যও তালিকায় নেই। খুবই অবাক করা ঘটনা। তাঁর পরিবার জানিয়েছেন, শশীকান্তবাবু ১৯৯১ সালে অবসর নেন। তারপর থেকে প্রতিটি ভোটই তিনি দিয়েছেন। ২০০২ সালের তালিকাতেও তাঁর নাম ছিল। এদিকে, বাঁশবেড়িয়ায় ইনিউমারেশন ফর্ম নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন প্রাক্তন পুরপ্রধান আদিত্য নিয়োগী। তিনি বলেন, ফর্মের কিউআর কোড থেকে অনেক সময়েই তথ্য মিলছে না। একই ব্যক্তির নামে একাধিক ফর্ম এসেছে। কমিশন যে কি কাজ করছে, কীভাবে করছে, কিছুই বোঝা যাচ্ছে। কিন্তু নাগরিকরা সমস্যায় পড়ছেন। বিষয়গুলি প্রশাসনকে জানাব।



