Bartaman Logo
১০ জুন, ২০২৬

আতঙ্ক ভুলে কাশ্মীর পর্যটনে নতুন করে উৎসাহের জোয়ার, বন্দে ভার‍ত, জম্মু রাজধানীতে ঠাঁই নাই দশা

আতঙ্ক ভুলে কাশ্মীর পর্যটনে নতুন করে উৎসাহের জোয়ার, বন্দে ভার‍ত, জম্মু রাজধানীতে ঠাঁই নাই দশা
  • ২ মে, ২০২৫ ০৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের ছড়ানো আতঙ্ককে কার্যত বুড়ো আঙুলই দেখাচ্ছেন সাধারণ পর্যটকরা! ভয় উড়িয়ে ভূস্বর্গ সফরে ফের উৎসাহী দেশের আমজনতা। শুধু কথার কথা নয়, হাতেগরম প্রমাণও মিলছে রেলমন্ত্রকের আওতাভুক্ত সংস্থা আইআরসিটিসির (ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন) তথ্যভাণ্ডারে। আগামী কয়েকদিন দিল্লি-জম্মু রুটের প্রায় কোনও মেল, এক্সপ্রেস ট্রেনের আসন ফাঁকা নেই। বন্দে ভারত এক্সপ্রেসই হোক কিংবা জম্মু রাজধানী এক্সপ্রেস—সর্বত্রই ঠাঁই নাই দশা। ওয়াকিবহাল মহলের দাবি, এর মধ্যে দিয়েই কাশ্মীর পর্যটন ফের ঘুরে দাঁড়াবে। 

Advertisement

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সাধারণ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। ২৬ জন পর্যটক নিহত হন। এরপরেই পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ তৈরি হয়েছে। পর্যটকদের মধ্যেও সাময়িক ভীতির সঞ্চার হয়েছিল। কিন্তু দ্রুত সেই আতঙ্ক কাটিয়ে উঠছেন মানুষ। আইআরসিটিসির তথ্য খতিয়ে দেখে বিশেষজ্ঞ মহলের মত, ফের কাশ্মীরমুখো হতে চাইছেন দেশের পর্যটকদের একটি অংশ। দিল্লি থেকে জম্মু অথবা শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা পর্যন্ত দু’টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালায় রেল। দেখা যাচ্ছে, তার একটিতে আগামী দু’দিন কোনও টিকিট নেই। তার পরের দু’দিন টিকিট পাওয়া গেলেও ফের পরবর্তী তারিখগুলিতে টিকিট বুকিং শেষ। এসি চেয়ার কার, এগজিকিউটিভ চেয়ার কার—সব একই। 
অন্য বন্দে ভারত এক্সপ্রেসের এসি চেয়ার কারে আগামী চার-পাঁচদিনের কোনও টিকিট নেই। এগজিকিউটিভ চেয়ার কারে আগামী দিনদশেক পর্যন্ত ওয়েটিং লিস্ট রয়েছে। অর্থাৎ, কোনও কনফার্মড টিকিট নেই। অন্যদিকে, জম্মু রাজধানীর থার্ড এসি এবং সেকেন্ড এসি কোচে ‘আরএসি’ টিকিট রয়েছে। জম্মু রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসি কোচে গোটা মে মাসেই কোনও আসন ফাঁকা নেই। বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুসারে, এক্ষেত্রে একেবারে ৫ জুনের পর থেকে কনফার্মড টিকিট রয়েছে। দিল্লি থেকে জম্মু রুটেই যখন এই অবস্থা, তখন সামগ্রিক পরিস্থিতি সহজেই অনুমেয়। আর তাতেই নতুন করে আশার আলো দেখছে কাশ্মীর। রেলমন্ত্রকও।

Advertisement
সম্পর্কিত সংবাদ