নিজস্ব প্রতিনিধি কলকাতা: বিধানসভায় সই জাল মামলায় বড়ো স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি রিপোর্টে অসন্তোষ প্রকাশসহ ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট। সিআইডিকে ভর্ৎসনা করে বিচারপতি কৌশিক চন্দের মন্তব্য, ‘কেউ হাত বেঁধে দেয়নি। আরও তদন্ত করুন, সমস্যা নেই।’
বিধানসভায় তৃণমূল বিধায়কদের স্বাক্ষর জাল কাণ্ডে তদন্তভার নেয় সিআইডি। সই জাল করার অভিযোগে অভিষেককে হিসাবে দেখিয়ে সিআইডি যে রিপোর্ট রিপোর্ট দিয়েছে, তাতে প্রাথমিকভাবে সন্তুষ্ট নয় আদালত। সিআইডির তরফে সোমবার অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (এজি) রাজদীপ মজুমদার সওয়াল করেন, ৭০ জন বিধায়ক সই করেছিলেন। এর মধ্যে পাঁচজন জানিয়েছেন যে সই জাল করা হয়েছে। ৬ মে রেজোলিউশন বুকে কোনো সই করা হয়নি। ১৯ মে সই করা হয়। পরীক্ষার জন্য পাঁচজনের সই পাঠানো হয় ফরেনসিক ল্যাবে। তাতে জানা যায়, সই জাল হয়েছে।
বিচারপতি কৌশিক চন্দ জানতে চান, তদন্ত শেষ করতে কত সময় লাগবে? হতে পারে তিনি নথি জাল করেছেন, কিন্তু তাতে অভিষেকের ভূমিকা কী? অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে অভিষেক ছিলেন না বলে দাবি করেন তিনি। তাহলে কেন তাঁকে দোষী বলা হচ্ছে? জেনারেল সেক্রেটারি হিসাবে শুধুমাত্র রেজোলিউশনটি স্পিকারকে ফরওয়ার্ড করা হয়েছে। সেদিন নথি পরীক্ষা করেছিলেন ববি হাকিম।’
সওয়াল-জবাব শুনে বিচারপতির পর্যবেক্ষণ, বৈঠকে অংশ নেওয়া মানেই নথি জাল করিয়েছেন বলা যায় না। এরপরই সিআইডির উদ্দেশে বিচারপতি চন্দ বলেন, ‘কেউ হাত বেঁধে দেয়নি। তদন্ত করুন, সমস্যা নেই।’ আদালতের নির্দেশ, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে ‘দমনমূলক’ পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তদন্ত চলবে।