নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বাড়ি বাড়ি অভিযান চালিয়ে মোট ২২টি বিভিন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধার করল কোচবিহার বনদপ্তর। রবিবার পুণ্ডিবাড়ি থানার খাগড়াবাড়ি, বাণেশ্বর, কাকরিবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। রোজ রিংগড প্যারাকিট, আলেকজান্দ্রিন প্যারাকিট, রেড ব্রেস্টেড প্যারাকিট প্রজাতির টিয়া রয়েছে। এর মধ্যে ১৮টিই রোজ রিংগড প্যারাকিট। একটি রোজ ব্রেস্টেড প্যারাকিট ও তিনটি আলেকজান্দ্রিন প্যারাকিট। এগুলি বাসিন্দাদের বাড়িতে খাঁচায় বন্দি অবস্থায় ছিল। পাখিগুলি কিনে এনে খাঁচায় পোষা হচ্ছিল।
বনদপ্তরের টিম অভিযান চালিয়ে এগুলি উদ্ধার করে। সবক’টি টিয়া পাখিকেই রসিকবিল মিনি জু’তে নিয়ে যাওয়া হয়েছে।
তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে পাখিগুলিকে ছেড়ে দেওয়া হবে। অন্য কোনও সমস্যা দেখা দিলে রসিকবিল মিনি জু’তেও এদের রাখা হতে পারে। বনদপ্তরের কোচবিহারের এডিএফও বিজনকুমার নাথ বলেন, ২২টি বিভিন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধার করা হয়েছে। বাসিন্দাদের বাড়িতে এগুলি খাঁচাবন্দি অবস্থায় ছিল। পাখিদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। অনেক সময় এদের ডানা কাটা থাকে। খাঁচায় থেকে উড়ার ক্ষমতা হারিয়ে ফেলে। যদি উড়তে পারে ও স্বাস্থ্য ঠিক থাকে তাহলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। অন্যথায় রসিকবিলেই এদের রাখা হবে।
জানা গিয়েছে, বনদপ্তরের বেশ কয়েকজন কর্মী ও আধিকারিক মিলে এদিন অভিযান চালান। অনেক বাড়িতেই দেখা গিয়েছে, পাখিগুলিকে কোনও না কোনও জায়গা থেকে কিনে এনে পোষা হচ্ছিল। কিছু কিছু বাড়িতে একাধিক টিয়া পাখিও ছিল। প্রায় ছয়-সাতটি বাড়িতে অভিযান চালিয়ে এই টিয়া পাখিগুলি উদ্ধার করা হয়।