আয়ের তুলনায় ৫৬০ শতাংশ বেশি সম্পদ বনদপ্তরের কর্তার, তল্লাশিতে উদ্ধার কয়েক কিলো সোনা-রুপো
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: আয়ের তুলনায় ৫৬০ শতাংশ বেশি সম্পত্তি! মধ্যপ্রদেশের সাতপুরা টাইগার রিজার্ভের এক আধিকারিকের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে চক্ষু চড়কগাছ লোকায়ুক্তের। বনদপ্তরের সাব ডিভিশনাল অফিসার সঞ্জীব শর্মার বাড়িতে শনিবার থেকে চলা অভিযানে হদিশ মিলেছে ৭.৬ কোটি টাকার সম্পত্তির। উদ্ধার হয়েছে নগদ ২৬ লক্ষ টাকা, আড়াই কেজি সোনার গয়না ও প্রায় দেড় কেজি রুপো। তদন্তকারীরা মনে করছেন, এই সম্পত্তি হিমশৈলের চূড়া মাত্র। রবিবারও তল্লাশি শেষ হয়নি।

Advertisement

জানা গিয়েছে, শনিবার সকালেই ভোপাল লোকায়ুক্তের একাধিক দল পাঁচমাড়িতে সঞ্জীব শর্মার সরকারি আবাসন, দপ্তর ও ছিন্দওয়াড়ার বাড়িতে তল্লাশি চালায়। আদালত পরোয়ানা জারির পরই এই অভিযান। প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে, ওই বনকর্তার সম্পত্তির পরিমাণ আয়ের নিরিখে 
৫৬০ শতাংশ বেশি। ইতিমধ্যে দুর্নীতি দমন আইনে মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। তল্লাশিতে তাঁর চারটি গাড়ির হদিশ মিলেছে। সেগুলির মোট বাজার মূল্য ৩১ লক্ষ ২০ হাজার টাকা। এছাড়াও একটি রিসর্ট ও একটি বিলাসবহুল বাড়ির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। সেগুলির মূল্য যথাক্রমে ২ কোটি ও ১ কোটি টাকা। জমি কেনাবেচা সংক্রান্ত ২৮টি নথিও উদ্ধার হয়েছে তল্লাশিতে।