নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বেলপাহাড়ীর অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল ঘাগরা জলপ্রপাত। তারাফেনী নদীর জল এখানে পাহাড়ের পাথুরে চাটান ভেদ করে নেমে এসেছে। পর্যটনস্থলের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ভিড় জমান। কিন্তু সৌন্দর্যের আড়ালেই বিপদের ঝুঁকি লুকিয়ে রয়েছে। তাই পর্যটন মরশুমের শুরুতেই বনদপ্তর ঘাগরা জলপ্রপাত এলাকায় সতর্কতামূলক বোর্ড লাগিয়েছে। নিরাপত্তার ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জলপ্রপাতের পাথুরে চাটানের খাঁজে খাঁজে জল জমে রয়েছে। ভেজা ও পিচ্ছিল পাথরের ওপর দলবেঁধে উঠছেন পর্যটকরা। জলপ্রপাতের একেবারে গা ঘেঁষে চলছে সেলফি তোলা। কেউ কেউ পাথরের উপর বসেও সময় কাটাচ্ছেন। সামান্য অসাবধানতায় যে কোনো মুহূর্তে বড়োসড়ো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বনদপ্তরের তরফে জলপ্রপাতের কাছে সতর্কতামূলক বোর্ড বসানো হয়েছে। তাতে উল্লেখ রয়েছে, জলপ্রপাতের ধারে যাওয়া যাবে না, ভেজা ও পিচ্ছিল পাথরে পা রাখা যাবে না, নিষিদ্ধ বা ঘেরা জায়গায় প্রবেশ করা যাবে না। শিশুদের সর্বদা নজরদারিতে রাখতে হবে। স্থানীয়দে রঅবশ্য অভিযোগ, বেড়াতে আসা অনেক পর্যটকই নিষেধাজ্ঞা মানছেন না। গত ৩ অক্টোবর কলকাতা থেকে দু’টি গাড়িতে করে এক দল পর্যটক ঘাগরা জলপ্রপাতে বেড়াতে এসেছিল। বারুইপুরের বাসিন্দা এক দম্পতি জলপ্রপাতের পাথুরে চাটানে বসেছিলেন। আচমকাই তাঁদের সাত বছরের ছেলে জলপ্রপাতের গভীর খাদে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে ঝাঁপ দেন মহিলা পর্যটক প্রীতি দত্ত। ছেলেটি প্রাণে বাঁচলেও মায়ের মৃত্যু হয়। গভীর খাদে আটকে থাকায় প্রায় ৩০ ঘণ্টা পরে তাঁর দেহ উদ্ধার করা সম্ভব হয়। মর্মান্তিক এই ঘটনার পরেই বিভিন্ন পর্যটনস্থলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার পর জলপ্রপাতের বিপজ্জনক অংশ চিহ্নিত করে ঘিরে দেওয়া হয়। অন্য পর্যটনস্থলেও সতর্কতামূলক লিফলেটও সাঁটানো হয়। ঘাগরা জলপ্রপাতের জমি বনদপ্তরের অধীন। পুলিশ মোতায়েন থাকে। জেলা প্রশাসনের দুই বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টন নিয়ে জটিলতা রয়েছে। কলকাতা থেকে বেড়াতে আসা স্নেহাশিস ভট্টাচার্য বলেন, খাদের কাছে ফিতে ও দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টি হলে সেগুলি পড়ে যেতে পারে। পর্যটনস্থলের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখেই স্থায়ীভাবে ঘেরার ব্যবস্থা করা দরকার। তা না হলে আবারও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পর্যটনস্থলের এক ব্যবসায়ী বলেন, আগেও দড়ি দিয়ে জলপ্রপাতের কাছে ঘেরা ছিল। পরে আর দেখভাল করা হয়নি। এখনও পর্যটকরা জলপ্রপাতের খুব কাছে চলে যাচ্ছেন। বিনপুরের বিধায়ক প্রণত টুডু বলেন, বেলপাহাড়ীর পর্যটনের উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তার ব্যবস্থায় যাতে ত্রুটি না থাকে সেটার জন্য প্রশাসনকে বলা হবে।-নিজস্ব চিত্র



