ঝাড়গ্রামের পুকুরিয়া এলাকায় জমি পুনরুদ্ধারে তৎপর বনদপ্তর
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে দীর্ঘদিন ধরে বনভূমির জমি দখল হয়ে চলেছে। কোথাও জঙ্গলের জমি দখল করে গড়ে উঠেছে বসতি। আবার কোথাও তৈরি হয়েছে হোটেল, বিলাসবহুল রিসর্ট ও লজ। বনভূমি দখলমুক্ত করতে কড়া অবস্থান নিয়েছে বনদপ্তর। শনিবার ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া-ঢোলকাট এলাকায় বনদপ্তরের জমিতে থাকা একটি দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। বনভূমি দখলের চেষ্টা হলে এবার জিরো টলারেন্স নীতির বার্তা দেওয়া হয়েছে।

Advertisement

ঝাড়গ্রাম বনবিভাগের আওতায় রয়েছে প্রায় ৬৮ হাজার হেক্টর বনভূমি। তার মধ্যে এখনো পর্যন্ত ১০হাজার হেক্টর জমির সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। আর সেই সমীক্ষাতেই বনভূমির বিপুল পরিমাণ জমি বেদখল হয়ে থাকার তথ্য সামনে এসেছে। দীর্ঘ কয়েক দশক ধরে একটু একটু করে অরণ্যভূমি দখল হয়েছে। ঝাড়গ্রাম জেলা ঘোষণার পর জমির চাহিদা বাড়তেই জমি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে। বনভূমির জমি দখল করে ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। ২০২৫ সালের অক্টোবরে শালবনী গ্রাম পঞ্চায়েত এলাকার জিতুশোলে একটি বড়ো শিল্প সংস্থার বিরুদ্ধে বনভূমির জমি দখল করে সীমানা সম্প্রসারণের চেষ্টার অভিযোগ ওঠে। বনদপ্তর হস্তক্ষেপ করে সেই কাজ বন্ধ করে দেয়। মানিকপাড়া মৌজার ২ নম্বর শালজঙ্গলের জমি ভূমিদপ্তরের নথিতে ভুলবশত অন্যের নামে চলে গিয়েছিল। বিষয়টি নজরে আসার পর বনদপ্তর বোর্ড লাগিয়ে জঙ্গলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। বেলপাহাড়ীর একাধিক রিসর্ট মালিককে নোটিস ধরানো হয়েছিল। রাজ্যে বিজেপি সরকার আসার পরেও জমি দখলের চেষ্টা থেমে নেই। সম্প্রতি বেলপাহাড়ীর শিমুলপালে একটি বিলাসবহুল রিসর্টের কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুকুরিয়া-ঢোলকাট এলাকায় অবশ্য আর শুধু নোটিস ধরিয়ে বনদপ্তর থেমে থাকেনি। কংক্রিটের নির্মাণের কাজ শুরু হলে বনদপ্তরের কর্মীরা গিয়ে বাধা দেন। বৃহস্পতিবার দোকানে নোটিস সেঁটে দেওয়া হয়। শনিবার বুলডোজার নিয়ে গিয়ে দোকানটি ভেঙে দেওয়া হয়। 
দোকান মালিক প্রদীপ মাহাত এদিন বলেন, ওই জমিটি তাঁর রায়তি সম্পত্তি। ১৯৮৭ সাল থেকে মাটির ঘর ছিল। সেই ঘরই সংস্কার করা হচ্ছিল। কোনো কংক্রিটের নির্মাণকাজ হয়নি। বনদপ্তরেরর তরফে দু’দিন আগে নোটিস দেওয়া হয়েছিল। আমাদের কোনো সময় না দিয়েই দোকান ভেঙে দেওয়া হল।
ঝাড়গ্রাম বনবিভাগের এক আধিকারিক বলেন, জমিটি বনদপ্তরের। কংক্রিটের নির্মাণকাজ শুরু হওয়ার খবর পেতেই নোটিস দেওয়া হয়েছিল। বনদপ্তরের জমি দখল রুখতে এবার জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে।