Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

এক বছরে ব্যাপক কমেছে বিদেশি বিনিয়োগ, রিপোর্ট রিজার্ভ ব্যাঙ্কের

এক বছরে ব্যাপক কমেছে বিদেশি বিনিয়োগ, রিপোর্ট রিজার্ভ ব্যাঙ্কের
  • ২৪ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অর্থনৈতিক উজ্জ্বলতার অন্যতম প্রধান মাপকাঠি হল দেশে কত বিদেশি লগ্নি হচ্ছে। সেই মানদণ্ডে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে মোদির ভারত। ২০২৪-২৫ আর্থিক বছরে প্রত্যক্ষ বিদেশি লগ্নি (এফডিআই) পূর্ববর্তী বছরের তুলনায় বিপুল কমে গিয়েছে। ২০২৩-২৪ আর্থিক বছরে ভারতে প্রত্যক্ষ বিদেশি লগ্নি ছিল ১ হাজার কোটি ডলার। আর ২০২৪-২৫ আর্থিক বছরে এফডিআই এসেছে ৩৫ কোটি ডলার। রিজার্ভ ব্যাঙ্ক এই তথ্য জানিয়েছে। ভারতের বাজার থেকে অর্থ প্রত্যাহার করে নেওয়া অন্যতম কারণ। এমনকী ভারতীয় সংস্থাগুলিও ভারতের তুলনায় বিদেশে বেশি লগ্নি করেছে এই সময়সীমায়। ভারতীয় কোম্পানিগুলি বিদেশে ২ হাজার ৯০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। পূর্ববর্তী আর্থিক বছরে এর পরিমাণ ছিল ১ হাজার ৭০০ কোটি ডলার। সিঙ্গাপুর, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহি, মরিশাস, নেদারল্যান্ডে সবথেকে বেশি লগ্নি করেছে ভারতীয় সংস্থাগুলি। রিজার্ভ ব্যাঙ্কের মাসিক বুলেটিনে এফডিআই কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্যও রয়েছে উদ্বেগের বার্তা। মে মাসের এই মাসিক বুলেটিনে বলা হচ্ছে, সব্জির দাম আরও ঊর্ধমুখী হতে চলেছে। আসন্ন বর্ষার আগেই এই পূর্বাভাস আমজনতার জন্য যথেষ্ট শঙ্কার। মূলত আবহাওয়ার অনিশ্চয়তার কারণে জোগান ধাক্কা খাবে বলে মাসিক বুলেটিনে বলা হচ্ছে। সামগ্রিকভাবে লাগাতার মূল্যবৃদ্ধির হার নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে দাবি করে এই বুলেটিনে বলা হয়েছে, খাদ্য মূল্যবৃদ্ধি এখনও চিন্তারই বিষয়। সবথেকে বেশি দুশ্চিন্তা সব্জি নিয়ে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ