বিদেশি মুদ্রা ভাণ্ডারে ফের পতন, কেন্দ্রকে নিশানা কংগ্রেসের
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতের বিদেশি মুদ্রা ভাণ্ডারে ফের পতন। ১৩ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহের ব্যবধানে বিদেশি মুদ্রার ভাণ্ডারে ১৪০০ কোটি মার্কিন ডলারের বেশি কমেছে। গত তিনমাসে যা সর্বাধিক। রিজার্ভ ব্যাংকের তথ্য উল্লেখ করে  শুক্রবার এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা।  সূত্রের খবর, মূলত বিদেশি মুদ্রা ও সঞ্চিত সোনার দাম কমার জেরেই এই বিপত্তি। 

Advertisement

গত মে মাসে বিদেশি মুদ্রা ভাণ্ডারে রেকর্ড ধস নামে। পরিস্থিতি সামলাতে আম জনতাকে বিদেশ ভ্রমণ, সোনা কেনায় রাশ টানতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েক মাসের মধ্যে ফের একই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে মোদি সরকারকে তুলোধনা করল কংগ্রেস। হাত শিবিরের তোপ, ‘বিদেশি মুদ্রা ভাণ্ডারে পতন অব্যাহত। গত দু’মাসে ৮০০০ কোটি ডলারের বেশি সাফ হয়ে গিয়েছে। টাকার পতন রুখতে ডলার বাঁচানো হচ্ছে। কারণ ডলারের নিরিখে টাকা ১০০ ছুঁয়ে ফেললে মোদির ‘ফাঁপা ইমেজ’ নষ্ট হবে। তাঁর সম্মান বাচাতে দেশের ক্ষতি করা হচ্ছে।’
রিপোর্ট অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে বিদেশি মুদ্রার মূল্য ৭৮০ কোটি ডলার পড়েছে। নিম্নমুখী সঞ্চিত সোনার দামও। এক সপ্তাহে পতনের পরিমাণ ৬১০ কোটি ডলার। বিদেশি মুদ্রা ভাণ্ডারে হিসাব মূলত ডলারে প্রকাশিত হয়। তবে ভাণ্ডারে ডলার ছাড়াও একাধিক বিদেশি মুদ্রা মজুত থাকে। তাই অন্যান্য বিদেশি মুদ্রার দাম কমলে বা বাড়লে ভাণ্ডারের উপর তার প্রভাব পড়ে। ওই নির্দিষ্ট সপ্তাহে টাকাও দুর্বল হয়েছিল।  আমেরিকা-ইরান যুদ্ধ শুরুর আগে থেকেই এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে ভারতীয় টাকার পারফর্ম্যান্স সবথেকে খারাপ ছিল। যুদ্ধ পরিস্থিতিতে অবস্থা আরও খারাপ হয়।