ফিরদৌস হাসান, শ্রীনগর: প্রাণে বাঁচতে একটি মসজিদে আত্মগোপন করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই মসজিদ ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। আত্মসমপর্ণের একাধিক সুযোগ দেওয়া হয়েছিল জঙ্গি লতিফ ভাটকে। বছর বাইশের জঙ্গির উত্তর ছিল, ‘আল্লার সঙ্গে দেখা করতে চাই।’ শেষপর্যন্ত বুধবার সকালে দক্ষিণ কাশ্মীরের ‘শেষ সক্রিয় জঙ্গি’ লতিফকে খতম করল নিরাপত্তা বাহিনী। মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। এই এনকাউন্টারের সঙ্গেই উপত্যকা থেকে নির্মূল হল লস্কর-ই-তোইবার জঙ্গি নেটওয়ার্ক। এনকাউন্টারের পরেই সিআরপি বাহিনীর প্রধান জিপি সিংয়ের তাৎপর্যপূর্ণ পোস্ট, ‘কিছু খাবার ঠান্ডা পরিবেশন হওয়াই ভালো।’ যা মনে করিয়ে দিয়েছে, জঙ্গি হানায় সিআরপিএফের কর্তব্যরত জওয়ানদের নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধের কথা।
গত ১১ নভেম্বর কুলগাওয়ে সিআরপিএফের নাকাচেকিংয়ে হামলা চালিয়েছিল লতিফ ও তাঁর সঙ্গী উমর নিসার দার। জখম হন তিন জওয়ান। ইতিমধ্যেই নাকা চেকিংয়ে হামলার আগে লতিফদের রেকির সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এনেছে কাশ্মীর পুলিশ। তারপর থেকেই লতিফ ও নিসারের খোঁজে জোরকদমে তল্লাশি চলছিল কুলগাঁও জুড়ে। সোমবার লারুর জঙ্গলে দু’জনের খোঁজ পায় বাহিনী। গুলিবিনিময়ে নিসার খতম হলেও গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয় লতিফ।
বুধবার নিরাপত্তাবাহিনী গোপনসূত্রে জানতে পারে জঙ্গলপোরার একটি মসজিদে আশ্রয় নিয়েছে লতিফ। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। এসএসপি আনায়াত আলি জানিয়েছেন, ‘ভিডিয়ো কলে আমি লতিফের সঙ্গে কথা বলেছি। বারবার বোঝানোর চেষ্টা করেছি। বলেছি, ‘তোমার বয়স খুবই কম। জীবনের অনেকটা বাকি। আত্মসমর্পণ করো। লতিফ রাজি হয়নি।’ বছর তেইশের লতিফের উত্তর ছিল, ‘আমি আল্লার সঙ্গে দেখা করতে চাই। আমি খুশি।’ ভোর পৌনে তিনটে নাগাদ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে লতিফ। পালটা উত্তর দেয় বাহিনীও। আধিকারিকরা জানিয়েছেন, ‘লতিফ মসজিদ থেকে গুলি চালানোয় সর্বোচ্চ সংযম দেখানো হয়েছে। কোনোভাবেই যাতে ধর্মীয় স্থাপনাটির ক্ষতি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছিল।’ লতিফকে মসজিদ থেকে বের করতে পরপর কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। এক পর্যায়ে মসজিদ থেকে বেরিয়ে আসে কুখ্যাত এই জঙ্গি। তখনই বাহিনীর গুলিতে খতম হয় সে। এনকাউন্টারের পর কাশ্মীর পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘পালাতে পারো, তবে বেশিদিন গা-ঢাকা দিয়ে থাকতে পারবে না।’



