নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজয়া দশমী, লক্ষ্মীপুজো, কালীপুজোর পর শহর ও শহরতলির মিষ্টির দোকানগুলিতে এখন ভাইফোঁটার জন্য ভয়ানক ব্যস্ততা। রেকাবগুলিতে উপচে পড়ছে মিষ্টি। পুরাতনী মিষ্টান্নের সঙ্গে হাল ফ্যাশনের মিষ্টি সাজিয়েছেন দোকানদাররা। জানালেন, এখন জেন জি’র মন রাখতে মিষ্টির ‘লুক’ সমান গুরুত্বপূর্ণ। না হলে সোশ্যাল মিডিয়ায় ইজ্জত থাকবে না।
গাঙ্গুরাম এবারও নরম ও কড়াপাকের মিশেলে মিষ্টি বানাচ্ছে। সঙ্গে রসের মিষ্টিরও রমরমা। এখানকার কর্তা রাহুল চৌরাসিয়া বলেন, ‘ভাইফোঁটা ছাপ দেওয়া বড়ো সন্দেশের চাহিদা তাঁদের সব শোরুমেই আছে। ভাইফোঁটায় সমস্ত সন্দেশের চেহারাই বড়ো হয়। ইন্দ্রানী সন্দেশটির চাহিদা সারাবছরই থাকে। ভাইফোঁটায় কদর বাড়ে। ভাপা দইয়ের চাহিদাও আছে।
কলকাতা ও হাওড়ার নামকরা প্রতিষ্ঠান দেশপ্রিয় সুইটস। এখানকার কর্ণধার সমীর ঘোষ বলেন, ‘ভাইফোঁটার জন্য স্পেশাল জাম্বো জলভরা রেখেছি। স্বাদে যেমন, দেখনদারিতেও ততটাই চমকপ্রদ। দাম ২৫০ টাকা।’ এই প্রতিষ্ঠানের নতুন প্রজন্ম তুষার ঘোষ জানালেন, এবার ককটেল সন্দেশের চাহিদা ভালো। ছোট গ্লাসের মধ্যে ভরা থাকবে তিন রকমের সন্দেশ। এছাড়া আসল কমলালেবুর নির্যাস থেকে তৈরি কমলালেবু সন্দেশ আছে। আর বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট দিয়ে তৈরি সন্দেশের মাথায় চেরির কারুকাজ, সেটির নাম চেরি ব্লসম ও ডাবের শাঁস দিয়ে তৈরি ডাব সন্দেশের চাহিদাও আছে। তিনি বলেন়, ‘ভাইফোঁটার মিষ্টি তো শুধু খাওয়ার জন্য নয়, ইনস্টাগ্রাম বা ফেসবুকে ছবি দেওয়ার জন্যও। তাই নতুন প্রজন্মের মন ভরাতে দর্শনধারী হতে হবে মিষ্টি। আমরা সেই চেষ্টার ত্রুটি রাখিনি।’
শহরের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান সতীশ ময়রায় বছরে একবারই পাওয়া যায় হালকা মিষ্টির ক্ষীরের পুতুল। কর্ণধার সম্রাটকুমার দাস বলেন, ‘খুদে ভাই-বোনদের জন্য হাতি, হাঁস, মাছ, আম, খরমুজ, আপেল, কমলালেবুর মতো পুতুল তৈরি করতেই হয়। ১৫ টাকা দামের এই মিষ্টিগুলি চাহিদা দারুণ। সঙ্গে ভাইফোঁটা স্পেশাল খাজা, লবঙ্গ লতিকা, ক্ষীরের চপ তো থাকেই। ভাইফোঁটা সন্দেশের পাশাপাশি গুড়ের পুর ভরা তালশাঁস সন্দেশেরও চাহিদা আছে। নতুন প্রজন্মের জন্য এবারও চকোলেট মুজ, গুড়ের সুফলে, লিকুইড সন্দেশ আছে। থালিও পাওয়া যায় ১৫০ বা ২৫০ টাকায়। ক্রেতারা চাইলে, তাঁদের ইচ্ছা মতো থালি সাজিয়ে দেওয়া হয়।’ হাওড়ার ঐতিহ্যবাহী ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডারে এবার ফলের সমাহার। কর্ণধার সৈকত পাল বলেন, ‘তরুণ প্রজন্মের জন্য কফি বেকড-চিজ বেকড রসগোল্লা আছে। থাকছে ফ্রুট মালাই চমচম। আসল ফলের স্বাদ পেতে নিতে হবে ম্যাঙ্গো জিলেটো রসগোল্লা, আমের পায়েস, লিচু ভাপা সন্দেশ, আতার ক্ষীরমালাই, ব্লু বেরি সন্দেশ। এছাড়াও আছে মতিচুরের ল্যাংচা। ল্যাংচার পেটে মতিচুরের স্টাফ। সব মিষ্টির দাম ৪০ থেকে ৬০ টাকার মধ্যে।’



