শিবাজী চক্রবর্তী, কলকাতা: ‘প্রতিপক্ষ অনেকেই। তবে কঠিনতম ম্যাথাউজই।’ জার্মানির প্রাক্তন অধিনায়ক সম্পর্কে এটাই ছিল ডিয়েগো মারাদোনার বিশ্লেষণ। ফুটবল রাজপুত্রের মন্তব্যে পরিষ্কার, প্রতিদ্বন্দ্বী হিসাবে কতটা সমীহ করতেন ম্যাথাউজকে! ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে বাঁ পায়ের জাদুকরকে রোখার দায়িত্ব তাঁর কাঁধেই দিয়েছিলেন কোচ বেকেনবাওয়ার। মেক্সিকোয় আর্জেন্তিনা জিতলেও ইতালিতে শেষ হাসি হাসেন লোথারই। রবিবার সকালে কলকাতায় পা রাখছেন ১৯৯০ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যাথাউজ। বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর তিনিই। কিংবদন্তি জার্মান ফুটবলারকে স্বাগত জানাতে তৈরি সিটি অব জয়। সূত্রের খবর, বান্ধবী তেরেসাকে সঙ্গী করে শহরে আসছেন ম্যাথাউজ। ধুতি, পাঞ্জাবি, শাড়ি পরিয়ে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা তৈরি। শোনা যাচ্ছে, লাঞ্চে ম্যাথাউজের পাতে সাজিয়ে দেওয়া হবে রকমারি বাঙালি খাবার। কী থাকছে মেনুতে? লুচি, কষা মাংস, পোলাও, পাবনা মুরগী, নারকেল কুচি দেওয়া ছোলার ডাল, আলুপোস্ত, রসগোল্লা, মিষ্টি দইয়ের সম্ভার ম্যাথাউজের অপেক্ষায়।



