মুম্বই: দূষণহীন দীপাবলি পালন করুন। আতশবাজি বর্জন করে আলোর উৎসবে মেতে উঠুন। এমনই বার্তা দিয়ে বৃহন্মুম্বই পুরসভার তরফে ভিডিয়ো বার্তা দিয়েছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। পুরসভার সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ারও করা হয়েছিল। কিন্তু বিজেপির মুম্বই শাখার সভাপতি অমিত সাতম বিষয়টি নিয়ে আপত্তি জানাতেই তড়িঘড়ি তা সরিয়ে দিল পুরসভা কর্তৃপক্ষ। একধাপ এগিয়ে অভিনেত্রীকে হিন্দু বিরোধী বলেও কটাক্ষ করেছেন পুরসভার মেয়র ঋতু তাওড়ে। মজার বিষয়, একই বার্তা দিয়েছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত, ক্রিকেটার আজিঙ্ক রাহানে ও মারাঠি অভিনেতা নিশিগন্ধা ওয়াডও। তাঁদের ভিডিয়ো থাকলেও শুধুমাত্র দিয়ার ভিডিয়োটি ডিলিট করা হয়েছে। এরপরই বিরোধীদের কটাক্ষ, দিয়া সংখ্যালঘু সম্প্রদায়ের বলেই বিএমসি খড়্গহস্ত। কর্তৃপক্ষ সরাসরি না বললেও এটাই আসল কারণ। যদিও তা নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি শাসক শিবিরের লোকজন।
এনিয়ে হতাশার সুরে অভিনেত্রীর প্রতিক্রিয়া, ভিডিয়োটির জন্য পুরসভার কাছ থেকে কোনো টাকা নিইনি। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছিল। তাঁর আক্ষেপ, বর্তমানে ভালো মানুষের আর কোনো জায়গা নেই। দিয়ার ভিডিয়োটি সামনে আসার পর রবিরার এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দেন বিজেপির মুম্বই শাখার সভাপতি। তিনি বলেন, ‘দীপাবলি উদযাপন নিয়ে আপনাকে জ্ঞান দিতে হবে না। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের শিকড় অত্যন্ত মজবুত।’ এরপর হঠাৎই ভিডিয়োটি সরিয়ে দেওয়া হয়। দিয়ার তীব্র সমালোচনা করে বৃহন্মুম্বই পুরসভার মেয়র ঋতু তাওড়ে বলেন , ‘দিয়া বরাবর হিন্দু বিরোধী ও সরকার বিরোধী অবস্থান নিয়েছেন। অতীতেও আমরা তাঁকে নানা প্রোপাগান্ডা চালাতে দেখেছি। মহাযুতি সরকারে তাঁকে যেন ব্ল্যাকলিস্ট করা হয়, তা নিশ্চিত করা হবে। পুরপ্রশাসনে কিছু একটা ভুল বোঝাবুঝির জন্য এই ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’



