নয়াদিল্লি: একধাক্কায় অনেকটাই কমল ক্যানসার রোগের বেশ কিছু জীবনদায়ী ওষুধের দাম। ৪০ হাজারের ওষুধ মিলবে ২ হাজার ৭২০ টাকায়। ৮০ হাজার টাকার ওষুধের দাম কমে দাঁড়াল ৭ হাজার ১৫০ টাকায়। ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত প্রায় ৫৪৩টি ওষুধের সর্বোচ্চ দর বেঁধে দিয়েছে নিয়ামক সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি বা এনপিপিএ।
এরফলে কোনো কোনো ওষুধের দাম ৯০ শতাংশের বেশি কমতে চলেছে। আগামী ৯ নভেম্বর থেকে নয়া দাম ধার্য হবে। উল্লেখ্য, এর আগে ১৩৭টি নন-সিডিউলড অ্যান্টি ক্যানসার ওষুধের দামের মুনাফা ৩০ শতাংশ পর্যন্ত বেঁধে দিয়েছে এনপিপিএ। সরকারি এই উদ্যোগের প্রশংসা করেছেন ফার্মাকোলজি বা
ওষুধ বিজ্ঞানের অধ্যাপক ডাঃ অঞ্জন অধিকারী। তিনি জানিয়েছেন, এই রোগ খুবই জটিল। ওষুধগুলিও অত্যন্ত প্রয়োজনীয়। তাই দাম বেঁধে দেওয়ার যে উদ্যোগ নিয়ামক সংস্থা নিয়েছে, তাকে স্বাগত জানাই। এতে প্রস্তুতকারক সংস্থাগুলির স্বার্থ অক্ষুণ্ণ থাকার পাশাপাশি মারণ রোগের ওষুধও মানুষের
নাগালের মধ্যে চলে আসবে। তবে এই সুবিধা যাতে সকলের কাছে পৌঁছয় তা নিশ্চিত করতে হবে।
ক্যানসারের ওষুধের দাম কয়েকগুণ বেশি নেওয়ায় মঙ্গলবারই সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিল বেসরকারি হাসপাতাল। একটি জনস্বার্থ মামলার শুনানিতে জানা যায়, ক্যানসারের ইনজেকশনের জন্য ১৩ গুণ বেশি দাম ধার্য করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ১১ হাজার টাকার ইনজেকশন পেতে ১ লক্ষ ৩০ হাজার টাকা গুণতে হয়েছে রোগীকে। এই নিয়ে তুমুল উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ভর্ৎসনার সুরে শীর্ষ আদালতের প্রশ্ন, এভাবে লুটের কোনো ব্যাখ্যা আপনারা দিতে পারবেন? এই মামলায় সওয়াল-জবাব শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ।
শীর্ষ আদালত ক্ষোভ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে মারণ রোগের পাঁচশতাধিক জীবনদায়ী ওষুধের দাম একধাক্কায় অনেকটাই কমিয়ে দিল এনপিপিএ। তাতে জানা গিয়েছে, স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত প্যালবোপ্রো ১২৫ এমজির দাম ৪০ হাজার ৪২১ থেকে কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭২০ টাকায়। মূল্য হ্রাসের অনুপাত ৯৩.৩ শতাংশ। কেমোথেরাপির ওষুধ থায়োটেপার দাম ছিল ৮০ হাজার ৭২ টাকা। নিয়ামক সংস্থার পদক্ষেপের পর তা মিলবে ৭ হাজার ১৫০ টাকায়। দাম কমেছে ডেসাটিনিব, লেনভাটিনিব,ওলাপারিবের মতো ওষুধের। যদিও ইমিউনোথেরাপির ওষুধ কিট্রুডা’র দামে কোনও হেরফের ঘটেনি। এই ওষুধের দাম ২ লক্ষ ১৬ হাজার ৫০০ টাকাই রয়েছে। ২১ ধরনের ক্যানসারের চিকিৎসায় এই ওষুধ ব্যবহত হয়। দাম অপরিবর্তিত থাকছে ক্রিক্সানা, ট্যাগ্রিসো, টেসেনট্রিক, ডারজালেক্সের মতো ওষুধেরও।



