Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আইটি কর্মীর শ্লীলতাহানি, ধৃত ফুল বিক্রেতা, ক্যামেরার ফুটেজ আর তরুণীর বর্ণনাই ধরিয়ে দিল অভিযুক্তকে

সেক্টর ফাইভের অফিস থেকে ফেরার পথে বাড়ির সামনেই শ্লীলতাহানির শিকার হলেন এক তরুণী। তিনি পেশায় আইটি কর্মী।

আইটি কর্মীর শ্লীলতাহানি, ধৃত ফুল বিক্রেতা, ক্যামেরার ফুটেজ আর তরুণীর বর্ণনাই ধরিয়ে দিল অভিযুক্তকে
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সেক্টর ফাইভের অফিস থেকে ফেরার পথে বাড়ির সামনেই শ্লীলতাহানির শিকার হলেন এক তরুণী। তিনি পেশায় আইটি কর্মী। রাস্তাতেই তাঁকে যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ। বুধবার সাতসকালে সল্টলেকের এফ ডি ব্লকের এই ঘটনায় শোরগোল পড়েছে। বিষয়টি নিয়ে পুলিসের দ্বারস্থ হয়েছেন তরুণী। অভিযোগ দায়ের হতেই দ্রুত পদক্ষেপ নেয় বিধাননগর দক্ষিণ থানার পুলিস। ওই তরুণীর বিস্তারিত বর্ণনা অনুযায়ী এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিস। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। 

Advertisement

পুলিস জানিয়েছে, ধৃতের নাম রাজা মণ্ডল। পেশায় ফুল বিক্রেতা। সে লেকটাউন থানা এলাকায় থাকে। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর বাড়ি সল্টলেকের এফ ডি ব্লকে। তিনি সল্টলেকের সেক্টর ফাইভে কর্মরত। বুধবার সারারাত অফিস করার পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ তিনি অফিস থেকে বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, বাড়িতে ঢোকার ঠিক আগে ওই যুবক পিছন থেকে আচমকা এসে তাঁর শ্লীলতাহানি করে। তবে, তরুণীও সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে পাল্টা রুখে দাঁড়ান। তাতে ভয় পেয়ে যায় অভিযুক্ত। বেগতিক বুঝে চম্পট দেয় সে। তরুণী বেশ কিছুটা রাস্তা দৌড়ে তার পিছু ধাওয়া করেন। কিন্তু, তাকে ধরতে পারেননি। তবে, তরুণীর তাড়া খেয়ে অভিযুক্ত যুবক বাইকে করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। সারারাত ডিউটি করায় তরুণী ক্লান্ত ছিলেন। প্রায় এক কিমি দৌড়ে তিনি আরও ক্লান্ত হয়ে পড়েন।
ওইদিন সন্ধ্যায় আক্রান্ত তরুণী বিধাননগর দক্ষিণ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তরুণী অভিযুক্তের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বলেছেন, অভিযুক্ত গাঢ় নীল রঙের রেনকোর্ট পরেছিল। মাথায় ছিল নীল রঙের হেলমেট। পায়ে ছিল লাল রঙের জুতো। বাইকের রং সাদা। এমনকী, অভিযুক্তের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চির কাছাকাছি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। 
সেই সূত্র ধরেই পুলিস তদন্ত শুরু করে। আশপাশের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। তারপরই তরুণীর বর্ণনা অনুযায়ী অভিযুক্তকে চিহ্নিত করে পুলিস। বৃহস্পতিবারই তাকে গ্রেপ্তার করা হয়েছে। 
পুলিস জানিয়েছে, ধৃতকে এদিন বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ