৯ বছর ধরে অসমাপ্ত ফুলবাজার, একমাসেই কাজ শেষের লক্ষ্যমাত্রা
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফুলচাষের মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা ঠাকুরনগর। গাইঘাটা, বনগাঁ, চাঁদপাড়াসহ বিস্তীর্ণ এলাকায় ফুলচাষের সঙ্গে যুক্ত বহু পরিবার। অথচ সেই ফুলচাষিদের জন্য তৈরি ফুলবাজার ন’বছর ধরে অসমাপ্ত। তাই এবার একমাসের মধ্যে ওই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিল প্রশাসন। শুক্রবার হর্টিকালচার দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে ঠাকুরনগর ফুলবাজার পরিদর্শন করেন প্রশাসনের কর্তারা। বাজারের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজারে থাকবে মোট ৩৬০টি স্টল। এজন্য খরচ হয়েছে আট কোটির বেশি টাকা। ফুল কেনাবেচার পাশাপাশি চাষি ও ব্যবসায়ীদের জন্য থাকবে অন্যান্য পরিকাঠামোগত সুবিধাও। বাজারটি চালু হলে ঠাকুরনগর তো বটেই, গাইঘাটা ও বনগাঁর বিস্তীর্ণ এলাকার ফুলচাষিরাও উপকৃত হবেন।

Advertisement

উত্তর ২৪ পরগনার গ্রামীণ অর্থনীতিতে ফুলচাষের ভূমিকা গুরুত্বপূর্ণ। জেলার বিভিন্ন এলাকায় গাঁদা, রজনীগন্ধা, জবা, গোলাপ সহ নানা ধরনের ফুলের চাষ হয়। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি কলকাতার পাইকারি বাজারেও যায় এই ফুল। বিশেষত উৎসব, পুজো এবং বিয়ের মরশুমে ফুলের চাহিদা বৃদ্ধি পায়। কিন্তু ফুল বিক্রির জন্য উপযুক্ত বাজার এবং সংরক্ষণের ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হয় কৃষকদের।
ঠাকুরনগর ও সংলগ্ন এলাকায় অনেক ক্ষেত্রে খোলা জায়গায় বসেই ফুল বিক্রি করতে হয় কৃষকদের। নতুন বাজার তৈরি হলে এক জায়গায় ফুল কেনাবেচার সুযোগ পাবেন কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা। তাতে ফুল বাজারজাত করার প্রক্রিয়া সহজ হবে। প্রায় ন’বছর আগে এই বাজার তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু এতদিনেও তা সম্পূর্ণ হয়নি। এবার প্রশাসনের নতুন উদ্যোগে আশার আলো দেখছেন এলাকাবাসীরা। আগামী এক মাসের মধ্যে নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরপর বাজারটি কবে পুরোদমে চালু হবে, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার ফুলচাষিরা।