Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বুদবুদে একটি বাড়ির মেঝে ক্রমেই গরম হয়ে যাচ্ছে, আতঙ্ক পরিবারে

একটু একটু করে গরম হচ্ছিল বাড়ির মেঝে। প্রথমে অতটা গা করেননি কেউই। কিন্তু শনিবার দেখা গেল, পায়ে রীতিমতো গরম ছ্যাঁকা লাগছে। বুদবুদের সুকান্তনগরে পাল পরিবারে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

বুদবুদে একটি বাড়ির মেঝে ক্রমেই  গরম হয়ে যাচ্ছে, আতঙ্ক পরিবারে
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: একটু একটু করে গরম হচ্ছিল বাড়ির মেঝে। প্রথমে অতটা গা করেননি কেউই। কিন্তু শনিবার দেখা গেল, পায়ে রীতিমতো গরম ছ্যাঁকা লাগছে। বুদবুদের সুকান্তনগরে পাল পরিবারে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। টিনের চালের ওই বাড়ির এক কোণের মেঝে প্রথমে দেখা যায় গরম হচ্ছে। পরে গরমের তাপ বাড়তে থাকে। গৃহকর্তা গৌরগোপাল পাল জানান, কয়েকদিন ধরে বাড়ির বারান্দার ও বারান্দা লাগোয়া একটি ঘরের কোণ গরম হয়ে যাচ্ছে। বারান্দায় যেখানে গরম হচ্ছে, তার উপরেই রয়েছে ইলেক্ট্রিক মিটার। প্রথমে ভাবা হচ্ছিল ইলেক্ট্রিক লাইনের সমস্যার জন্য এরকম হচ্ছে। কিন্তু শুক্রবার ইলেক্ট্রিক মিস্ত্রিকে ডেকে দেখানো হয় লাইনের কোনও সমস্যা হয়েছে কি না। কিন্তু উনি কাজ করার পর বলেন, লাইনের কোনও সমস্যা নেই। বিষয়টি থানায় জানানো হয়েছে। গৌরবাবু বলেন, ভীষণ আতঙ্কে আছি। পরিবারের সদস্যরাও চিন্তিত। এই ঘটনায় পুলিস প্রশাসনেরও দ্বারস্থ হয়েছে পরিবার। বাড়ির আর এক সদস্য চম্পারানি পাল বলেন, এ রকম ঘটনা আগে কখনও দেখিনি, শুনিওনি। পুলিস এসে দেখে গিয়েছে। আমাদের বাড়ি পঁচিশ বছরের। আমরা কিছুই বুঝতে পারছি না। 

Advertisement

এদিন দেখা গেল এই ঘটনার খবর পেয়ে ভিড় জমাচ্ছেন এলাকার বাসিন্দারা। এক প্রতিবেশী বলেন, ভূতত্ত্ব গবেষকরা তদন্ত করে আসল কারণ বলতে পারবেন। এই বিষয়ে ভূগোলের শিক্ষিকা সুপ্রিয়া ভাণ্ডারী বলেন, পরীক্ষা না করে এর পিছনে কী কারণ রয়েছে তা বলা সম্ভব নয়। তবে বাড়ির ওই অংশটিকে পর্যবেক্ষণে রাখা উচিত। ওই নির্দিষ্ট জায়গায় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষে রমেশ মণ্ডল বলেন, আমরা বিষয়টি জানলাম। ঘটনাস্থলে যাব। পর্যবেক্ষণ না করে এখনই বলা যাবে না, কেন এই ঘটনা ঘটছে। তবে অনেক সময় মেঝের নীচের অংশে সিমেন্টের সঙ্গে কোনও রাসায়নিক বিক্রিয়ার কারণে তাপ উৎপন্ন হয়। বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু বলেন, আমরা এটাকে একেবারেই হাল্কাভাবে নিচ্ছি না। গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। • এই সেই বাড়ি। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ