সংবাদদাতা, মানিকচক: মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রায় দেড় মাস পরেও অধরা বন্যায় আংশিক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ। দ্রুত ক্ষতিপূরণ প্রদান সহ ভাঙনের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন দুর্গতরা। যদিও বিধায়কের দাবি, সঠিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি বেনিফিশিয়ারির কাছে টাকা পাঠানোয় কিছুটা বিলম্ব হচ্ছে।
ভূতনিতে বন্যা পরিস্থিতির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে দুর্গাপুজোর এক সপ্তাহ আগে মানিকচকের মথুরাপুরে সভা করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভা থেকে ঘোষণা করেছিলেন, বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের ১ লক্ষ ৮০ ও আংশিক ক্ষতিগ্রস্তদের ৯০ হাজার টাকা দেওয়া হবে। অভিযোগ, ভূতনির প্রায় ২২ হাজার আংশিক ক্ষতিগ্রস্ত পরিবার এখনও ক্ষতিপূরণ পাননি।
জানা গিয়েছে, গত দেড় মাস ধরে দুর্গতদের তালিকা তৈরি করছে প্রশাসন। এখনও সেই তালিকা তৈরির কাজ শেষ হয়নি। কিছুদিন আগে তালিকা নিয়ে নানা অভিযোগ সামনে আসে। ক্ষতিগ্রস্তদের তালিকায় নাম তুলতে কাটমানি তোলার অভিযোগও সামনে এসেছে। যদিও প্রশাসনের কর্তারা ও বিধায়ক জানিয়েছেন, সরকারি সুবিধা পেতে কোনো ধরনের টাকা দিতে হবে না। এখনও তালিকা তৈরির কাজ সম্পূর্ণ না হওয়ায় এবং টাকা না পাওয়ায় ক্ষিপ্ত ভূতনির বন্যা দুর্গতরা।
কেশরপুর বাঁধের বাসিন্দা বীরবল মাহাত বলেন, ৪০ দিনের বেশি পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ পাইনি আমরা। সকলে আশায় রয়েছে। আগামী কয়েকদিনে ক্ষতিপূরণ না পেলে ব্লক প্রশাসন ও বিধায়কের দারস্থ হব।
মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল বলেন, স্থানীয় পঞ্চায়েত, বিরোধী দল ও ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে ফোরম্যান কমিটি গঠন করে নির্ভুল তালিকা তৈরি হচ্ছে। মানিকচকে এই প্রথম ২২ হাজারেরও বেশি দুর্গতদের ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা প্রদান করা হবে। তাই বিলম্ব হচ্ছে। ইতিমধ্যে প্রায় ২৫০০ দুর্গতদের টাকা দেওয়া হয়েছে। আশাকরি আগামী ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ টাকা প্রদান করা হবে।
যদিও এসব মানতে নারাজ বামনেতা দেবজ্যোতি সিনহা। তিনি বলেন, ভূতনিতে কাটমানি রাজ চলছে। তৃণমূলের থেকে কোনো অংশে কম নয় বিজেপির নেতারা। স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে মণ্ডল সভাপতি- সকলেই টাকা তুলছেন। সেই টাকা না ওঠায় এখনও দুর্গতরা টাকা পাননি। টাকা তোলা সম্পূর্ণ হলেই ক্ষতিপূরণ প্রদান করা হবে।



