Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়গ্রামের উত্তরে বন্যা পরিস্থিতির উন্নতি, দক্ষিণে বাঁধ ভেঙে প্লাবন

খড়গ্রাম ব্লক এলাকায় বন্যা পরিস্থিতি যেন পিছু ছাড়তে চাইছে না। একদিকে পরিস্থিতির উন্নতি হলেও অপরদিকে নতুন করে প্লাবিত হল আটটি গ্রামের কৃষি জমি।

খড়গ্রামের উত্তরে বন্যা পরিস্থিতির উন্নতি, দক্ষিণে বাঁধ ভেঙে প্লাবন
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: খড়গ্রাম ব্লক এলাকায় বন্যা পরিস্থিতি যেন পিছু ছাড়তে চাইছে না। একদিকে পরিস্থিতির উন্নতি হলেও অপরদিকে নতুন করে প্লাবিত হল আটটি গ্রামের কৃষি জমি। বুধবার এই ব্লকের দক্ষিণে কেশবপুরের কাছে পাটনেশ্বরী খালের বদন নালার বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, প্রায় ১৫দিন আগে স্থানীয় ঝিল্লি ও পদমকান্দি পঞ্চায়েত এলাকার ব্রাহ্মণী নদী ও দ্বারকা নদের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সেই জল নেমেও গিয়েছিল। কিন্তু সোমবার ভোর থেকে ফের ঝিল্লি এলাকা প্লাবিত হয়েছে। ব্রাহ্মণী নদীর মেদার মাঠ ও দীঘা গ্রামের কাছে ট্যাংরা বাঁধ ভেঙে যায়। তবে বুধবার সকাল থেকে জল নামতে শুরু করে। বৃহস্পতিবার ওই এলাকায় জলমগ্ন পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। তবে, বুধবার দুপুরে কেশবপুর গ্রামের কাছে পাটনেশ্বরী খালের বদন নালার এক্স জমিদারি বাঁধ ভেঙে যায়। ওই নালাটি পাটন বিল থেকে বেরিয়েছে। পাটন বিলের সঙ্গে দ্বারকা ও ব্রাহ্মণী নদীর যোগ রয়েছে। ফলে ভাঙা বাঁধ দিয়ে ব্যাপকভাবে জল ঢুকতে শুরু করে। বাসিন্দারা জানিয়েছেন, ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকেছে রায়পুর, কেশবপুর, মহারাজপুর, মণ্ডলপুর, মুনসবপুর, দক্ষিণ রায়পুর, শিবপুর, বালিয়া ও বাতুরগ্রামের মাঠগুলিতে। ফলে আমন চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বালিয়া পঞ্চায়েত প্রধান বেলি ঘোষ বলেন, যেহেতু এটি নিচু এলাকা, তাই দ্রুত জল ঢুকে পড়েছে মাঠগুলিতে। ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে পঞ্চায়েতের পক্ষ থেকে একটি বাঁধ মেরামতি করা হচ্ছে। তিনি আরও বলেন, এদিন বাঁধ ভাঙার পরেই দু’টি জেসিবি দিয়ে ভাঙা জায়গা মেরামত করার চেষ্টা চলছে। পাশাপাশি কিছুটা দূরে আরও একটি এক্স জমিদারি বাঁধের মেরামত করা হচ্ছে। যাতে বন্যার জল অন্যান্য এলাকায় ছড়িয়ে না পড়ে। রায়পুর গ্রামের চাষি তমাল মণ্ডল বলেন, ভেবেছিলাম এবছর বুঝি রক্ষা পেলাম। কিন্তু শেষমেশ রক্ষা হল না।

Advertisement
সম্পর্কিত সংবাদ