নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: প্রচারপর্ব শেষ হতেই যেন বদলে গেল শহরের কয়েক দিনের চেনা ছন্দ। প্রচার মাইকের শব্দ থেমেছে। কিন্তু আলোচনা থামেনি। আজ ভোট। বুধবার ভোরের ধোঁয়াশা কাটতে না কাটতেই মেদিনীপুর শহরের অলিগলি, মোড়ের চায়ের দোকান, বাজারের আড্ডা-সব জায়গাতেই একটাই আলোচনার বিষয়-নির্বাচন। চায়ের কাপে চুমুক দিতে দিতে কেউ বলছেন ‘এবার কড়াকড়ি বেশি’। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের নজরদারি যে আগের তুলনায় অনেকটাই কড়া, তা মানছেন প্রায় সকলেই। সরকারি সম্পত্তি ও বুথ সংলগ্ন এলাকায় দলীয় পতাকা লাগানোর উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলিও যে নিজেদের মতো করে পথ খুঁজে নিতে ওস্তাদ। তা আবারও প্রমাণিত হল মেদিনীপুরে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে ‘ওম’ চিহ্ন আঁকা গেরুয়া রঙের পতাকা দিয়ে অনেক জায়গা ঢেকে দেওয়া হয়েছে। অন্যদিকে, তৃণমূলও পাল্টা কৌশল নিয়েছে। তাঁরা কালারফুল রঙের মধ্যে ‘জয় বাংলা’ লিখে পোস্টারিং করেছে। নিয়মের ফাঁক গলে এই সৃজনশীল রাজনৈতিক লড়াই এখন শহরের আলোচনার কেন্দ্রে। স্থানীয় বাসিন্দা চন্দন দাসের কথায়, ওম চিহ্ন থাকলে সেটা ধর্মীয় বিষয় হয়ে যায়। ফলে কমিশন সহজে তা সরাতে পারবে না। আবার ‘জয় বাংলা’ লিখলেও কোনো দলের নাম নেই, সেটাও একধরনের কৌশল। তাঁর কথায় স্পষ্ট, সাধারণ মানুষও রাজনৈতিক রণকৌশলের সূক্ষ্ম দিকগুলিও নজরে রাখছেন।



