নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বালি হল্ট বাসস্ট্যান্ডের নীচে। পরপর বন্ধ দোকানে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের গ্রাসে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় চার থেকে পাঁচটি দোকান। তবে দমকলের তৎপরতায় বড়োসড়ো বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বিশেষ করে অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে সংলগ্ন রেললাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ি। আগুন রেলের বৈদ্যুতিক পরিকাঠামো কিংবা সিগন্যাল বক্স পর্যন্ত পৌঁছে গেলে ট্রেন চলাচলও ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল।
শুক্রবার সকালে আগুন প্রথম নজরে আসে বালি ট্রাফিক পুলিশের কর্মীদের। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়তে শুরু করে। খবর দেওয়া হয় বালি দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসস্ট্যান্ডের নীচে সব মিলিয়ে ১৪ থেকে ১৫টি দোকান রয়েছে। অগ্নিকাণ্ডের সময় সেগুলির অধিকাংশই বন্ধ ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের দোকানগুলিও পুড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে দমকলকর্মীদের তৎপরতায় আগুন অন্য দোকানে ছড়াতে পারেনি। যদিও তার আগেই চার থেকে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দোকানের ভিতরে থাকা সামগ্রীও পুড়ে নষ্ট হয়েছে বলে আশঙ্কা।
আগুনের ঘটনায় সবচেয়ে বড়ো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল পাশের রেললাইন। ঘটনাস্থলের কাছেই বালি স্টেশন। সেখানে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। আগুনের শিখা রেললাইনের বৈদ্যুতিক পরিকাঠামো পর্যন্ত পৌঁছে গেলে বড়োসড়ো বিপদ ঘটতে পারত। শুধু তাই নয়, রেলের বিদ্যুৎ ব্যবস্থার ক্ষতি হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল। রেল আধিকারিকদের বক্তব্য, ঘটনাস্থলের কাছেই ছিল সিগন্যাল বক্স। আগুনে সেটি ক্ষতিগ্রস্ত হলে ট্রেন চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারত। ব্যাহত হতে পারত রেল পরিষেবা। দমকলের দ্রুত পদক্ষেপে সেই বিপদও এড়ানো গিয়েছে। রক্ষা পেয়েছে দাঁড়িয়ে থাকা মালগাড়িটিও। এদিকে, সাতসকালের এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কী কারণে বন্ধ দোকানগুলিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।



