Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে দুর্ঘটনায় জখম পাঁচ, পুলিসকে দায়ী করে অবরোধ

দাসপুরে দুর্ঘটনায় জখম পাঁচ, পুলিসকে দায়ী করে অবরোধ
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: দাসপুর থানার জগন্নাথপুরে রবিবার পথ-দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ঘাটাল-মেচোগ্রাম সড়ক অবরোধ করা হল। অবরোধকারীদের অভিযোগ, নাকা চেকিংয়ের নামে পুলিসের তোলাবাজির জেরেই ওই দুর্ঘটনা ঘটেছে। এদিন দুপুর ১২টা থেকে প্রায় দু’ঘণ্টা অবরোধ চলে। এর জেরে রাস্তার দু’দিকে কয়েক কিমিজুড়ে গাড়ির লাইন পড়ে যায়। অবশেষে র‌্যাফ নামিয়ে অবরোধ তোলা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, অবরোধ তোলার নামে লাঠিচার্জ করা হয়েছে। পুলিসের তরফে অবশ্য সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Advertisement

ঘাটাল মহকুমা পুলিস আধিকারিক দুর্লভ সরকার বলেন, এদিন জগন্নাথপুরে বাইক দুর্ঘটনার জেরে ক্ষিপ্ত জনতা কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেছিলেন। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘাটাল-মেচোগ্রাম সড়কের বেশ কয়েকটি জায়গায় প্রতিদিন পুলিস গাড়ির নথি চেকিং করে। এদিনও কয়েকজন পুলিসকর্মী জগন্নাথপুর পেট্রল পাম্পের সামনে সকাল থেকে সেই কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টা নাগাদ পূর্ব মেদিনীপুরের কুলামানুয়ার বাসিন্দা সাহেব রানা, স্ত্রী লাবণী রানা ও সন্তানকে নিয়ে বাইকে খুকুরদহের দিকে যাচ্ছিলেন। নাকা চেকিংয়ের সময় পুলিস অপর একটি বাইককে থামাতে গেলে সেই বাইকচালক জোরে চালিয়ে পালানোর চেষ্টা করে। তখনই ওই বাইকটি সাহেববাবুর বাইকে ধাক্কা মারে। ফলে দু’টি বাইকের মোট পাঁচজন জখম হন।
চোখের সামনে ওই দুর্ঘটনা দেখে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে পড়েন। তাঁরা পুলিসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে পথ অবরোধ শুরু করেন। সময়ের সঙ্গে অবরোধকারীর সংখ্যা বাড়তে থাকে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিস গাড়ির নথি, হেলমেট চেকিংয়ের নাম করে নিয়মিত তোলাবাজি করে। গাড়ির সমস্ত নথি থাকলেও কেস দেওয়া বা ফাইন দেওয়ার হুমকি দিয়ে টাকা চাওয়া হয়। এদিন একটি বাইক না থামায় পুলিস সেটির পিছনে তাড়া করে। তার জেরেই দুর্ঘটনা ঘটেছে। অথচ রাস্তার দু’দিক দখল করে ইট, বালি, স্টোন চিপস, কাঠের গুঁড়ি রাখা থাকলেও তা সরানোর বিষয়ে পুলিস উদাসীন। সেজন্য এদিন পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পুলিস বারবার অনুরোধ করলেও অবরোধ তোলা হয়নি। তাই অবশেষে র‌্যাফ নামিয়ে অবরোধ তোলা হয়। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ