Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রথম দফার নির্বাচনে গতবারের থেকে পাঁচশোর বেশি মনোনয়ন

রাজ্যে প্রথম দফার ভোটের ১৫২টি আসনে লড়াইয়ের ময়দানে রয়েছেন মোট ১,৫৮৬ জন প্রার্থী

প্রথম দফার নির্বাচনে গতবারের থেকে পাঁচশোর বেশি মনোনয়ন
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে প্রথম দফার ভোটের ১৫২টি আসনে লড়াইয়ের ময়দানে রয়েছেন মোট ১,৫৮৬ জন প্রার্থী! সোমবারই ছিল রাজ্যে প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমার শেষ দিন। কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটে ১,৫৮৬ জন প্রার্থীর তরফে মোট ২,৩০৪টি মনোনয়নপত্র দাখিল হয়েছে (একজন প্রার্থী একের বেশি মনোনয়ন দাখিল করতে পারেন)। মঙ্গলবার মনোনয়নপত্র গুলি ঝাড়াইবাছাই অর্থাৎ স্ক্রুটিনির কাজ শুরু হয়েছে। যাঁরা একের বেশি মনোনয়ন জমা দিয়েছেন, স্ক্রুটিনির পর তাঁদের একটি মনোনয়নপত্রই গৃহীত হবে।

Advertisement

গত বিধানসভা ভোটে এই ১৫২টি আসনে মোট ১,০৬২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার প্রাথমিক ভাবে তার প্রায় দেড় গুন প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে। মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনির প্রথম দফার কাজ চলছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার। জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের করণদিঘি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সেখানে মনোনয়ন জমা পড়েছে ২৩ জনের। মেখলিগঞ্জে ১৮ জন এবং কোচবিহার দক্ষিণে ১৬ জন প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে। এছাড়া মাথাভাঙা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, ইটাহার, গাজোল, ডোমকল এবং সিউড়ি বিধানসভা কেন্দ্রেও ১৫ জন করে প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। এদিকে, সবচেয়ে কম প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে বাঁকুড়ার শালতোড়া, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এবং পূর্ব মেদিনীপুরের এগরায়। এই তিন আসনেই ছ’জন করে প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের দাঁতন, মুর্শিদাবাদের নবগ্রাম এবং দার্জিলিং বিধানসভা কেন্দ্রে সাতজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে খবর। 

সম্পর্কিত সংবাদ