লালগড়ে স্কুলের জমি দখল করে তৃণমূল নেতার পাঁচটি বাড়ি, বুলডোজার চালিয়ে ভাঙল প্রশাসন
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: স্কুলের খেলার মাঠ দখল করে তৈরি করা হয়েছিল পাঁচটি পাকা বাড়ি। বুধবার হাইকোর্টের নির্দেশে বিনপুর ১ নম্বর ব্লকের নেপুরা গ্রাম পঞ্চায়েতের খোসাগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে বুলডোজার চালিয়ে বাড়িগুলো ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। স্কুলের জমি দখল করে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য দীনেশ বেজ বাড়িগুলি পরপর তৈরি করেন।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলের নামে প্রায় ১.৯ একর জমি রেকর্ডভুক্ত ছিল। ২০১১ -১২ সাল থেকে প্রায় এক একর জমি দখল করে একটি দোতলা ও চারটি একতলা বাড়ি  তৈরির অভিযোগ উঠেছিল। স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা অবৈধ নির্মাণের প্রতিবাদ করেছিলেন। ২০১৭ সাল নাগাদ গ্ৰামের ছয়জন বাসিন্দা জমি পুনরুদ্ধার ও সীমানা নির্ধারণের দাবিতে বিনপুর ১ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত আবেদন জানান। ২০১৭ সাল গ্ৰামের ছয়জন বাসিন্দা, স্কুল কর্তৃপক্ষের সহায়তা নিয়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেইবছরই হাইকোর্ট মামলা উঠলে অবৈধ দখলদারি উচ্ছেদের নির্দেশ দেয়। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, সেই নির্দেশ কার্যকর করা হয়নি। ২০২৬ সালের জানুয়ারি মাসে ছয়জন অভিযোগকারী হাইকোর্টের নতুন করে মামলাটি খোলার আবেদন জানায়। হাইকোর্টে রায় পুনরায় বহাল রাখে। বাদীপক্ষ সুপ্রিম কোর্টে গেলে আবেদন খারিজ করে দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জেলা শাসক এরপরেই  মহকুমা প্রশাসনকে পদক্ষেপ করার নির্দেশ দেন। গত ২৮ অগস্ট জেলার ভূমি ও ভূমি দপ্তরের আধিকারিকরা স্কুলে এসে জমির ওপর অবৈধ নির্মাণের মাপজোখ করেন। আদালতের নির্দেশ মেনে এদিন লালগড় থানার পুলিশের বিশাল বাহিনী, ব্লক প্রশাসন ও ভূমি ভূমি দপ্তরের  আধিকারিকরা সকলে এসে পৌঁছান। বুলডোজার দিয়ে বাড়িগুলো ভাঙার কাজ শুরু  হয়। স্কুলের প্রধান শিক্ষক দুলালচন্দ্র দেলোয়ালী বলেন,  দলিলপত্রে জমিটি স্কুলের মাঠ হিসেবে উল্লেখ রয়েছে। দেড় দশক আগে জোরজবরদস্তি  স্কুলের জমি দখল করে বাড়ি বানানো হয়েছিল। স্কুলের সহায়তা নিয়ে গ্ৰামের ছয়জন বাসিন্দা মামলা করছিলেন। প্রশাসনের  জমি উদ্ধারের  ব্যবস্থা করায় খুশি। গ্ৰামের বাসিন্দা ও অভিযোগকারী প্রদীপ প্রতিহার বলেন, দীনেশবাবু সেইসময় এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন।  প্রভাব খাটিয়ে স্কুলের মাঠ দখল করে পরপর পাঁচটি বাড়ি তৈরি করছিলেন। প্রশাসনের সহযোগিতায় এদিন স্কুলের জমি উদ্ধার করা সম্ভব হয়েছে। দীনেশবাবুর  স্ত্রী এদিন বলেন, আমার স্বামী অসুস্থ। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করব না। নেপুরা অঞ্চলের বিজেপির কনভেনার বাবলু দাস বলেন, স্কুলের মাঠ দখল করে পরপর বাড়ি বানানো হয়েছিল। তৃণমূলের ওপর মহলের নেতারা সব জেনেও এই অন্যায় থামাননি। শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ ও গ্ৰামবাসীদের জয় হয়েছে। ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, প্রশাসনিক নির্দেশ মেনে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, তৃণমূলের আমলে সরকারি জমি দখল করে বহু অবৈধ নির্মাণ হয়েছে। বর্তমান রাজ্য সরকার এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে।-নিজস্ব চিত্র

Advertisement