নাম-পদবী ভাঁড়িয়ে এদেশে বসবাস! মারপিটের তদন্তে নেমে আটক পাঁচজন বাংলাদেশি
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: পুজোর বিসর্জনে মারপিট। আর সেই মারপিট থেকে উঠে এলো বাংলাদেশি তত্ত্ব! বাংলাদেশ থেকে  অবৈধ ভাবে অনুপ্রবেশ করে নাম ভাঁড়িয়ে কয়েক বছরেরও বেশি সময় ধরে হিলিতে বসবাস করছিল পাঁচ বাংলাদেশি নাগরিক। পুলিশ তাদের আটক করেছে। শুরু হয়েছে আইনানুগ ব্যবস্থা। এই ঘটনায় সীমান্তবর্তী হিলিতে ব্যাপক শোরগোল পড়েছে।

Advertisement

জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা বলেন, ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে হিলির উজান এলাকায় সরকারি জায়গায় একটি পরিবার বসবাস করছিল। পরিবারে বাবা মা, এক যুবক ও তার দুই ভাই বোন রয়েছেন। যুবক কুলপি ব্যবসা করতেন। সম্প্রতি এলাকায় কালীপুজো হয়েছে। তারই বিসর্জনে গিয়েছিল ওই যুবক। সেখানে তার সঙ্গে স্থানীয় ক্লাবের একজনের মারপিট হয়। ঘটনায় অভিযুক্ত যুবক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর চেষ্টা করে। বিষয়টি নিয়ে মীমাংসাতেও বসে ছিলেন গ্রামবাসীরা। কিন্তু শেষ পর্যন্ত সমস্যা মেটেনি।
অভিযোগ, ওই পরিবার মীমাংসা চলাকালিন ফের হামলা চালানোর চেষ্টা করে। এরপরেই পুলিশ ওই যুবকের বাবাকে আটক করে। বাড়িতে তল্লাশি চালানো হয়। তখনই দেখা যায় তিনজন অচেনা ব্যক্তি বাড়িতে এসেছেন। সেই তিনজন বাংলাদেশি। তবে তাঁদের হাতে পাসপোর্ট রয়েছে। এরপরই পুলিশের মনে সন্দেহ দানা বাঁধে। তদন্তে উঠে আসে বাংলাদেশী যোগের কথা। পরবর্তীতে দেখা গিয়েছে ওই পরিবারের সকলেই বাংলাদেশি!
সম্প্রতি এসআইআর প্রক্রিয়ায় তাদের ভোটার তালিকায় নাম বাতিল হয়েছে। কিন্তু চাঞ্চল্যকর তথ্য হিসেবে উঠে এসেছে, ওই পরিবারের পাঁচজনই নাম ও পদবী পরিবর্তন করে এতদিন ধরে এদেশে বসবাস করছিল। এর পরেই পুলিশ ওই পরিবারের সকলকে আটক করেছে। হিলি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় বাসিন্দা রতন সরকার বলেন, ওই পরিবারের বিরুদ্ধে আমাদের আগে থেকেই সন্দেহ ছিল। মারপিটের ঘটনার তদন্ত না হলে বিষয়টি হয়তো জানতেই পারতাম না। অবশেষে আমরা জানতে পেরেছি তারা সত্যিই বাংলাদেশি অনুপ্রবেশকারী।