নয়াদিল্লি: ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমাল ফিচ। বৃহস্পতিবার ভারতের জিডিপি বৃদ্ধির অনুমান ১০ বেসিস পয়েন্ট কমিয়েছে এই আন্তর্জাতিক রেটিং সংস্থা। তারা জানিয়েছে, চলতি অর্থবর্ষে এই হার দাঁড়াবে ৬.৪ শতাংশ। তবে পরবর্তী অর্থবর্ষের জন্য (২০২৬-২৭) অনুমিত বৃদ্ধির হার ৬.৩ শতাংশই বহাল রেখেছে ফিচ। সংস্থার মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির ধাক্কাতে ভারতের অর্থনীতির গতির চাকা শ্লথ হতে পারে। তবে শুধু ভারতই নয়, বিশ্ব অর্থনীতির জন্য অশনি সঙ্কেত দিয়েছে ফিচ। তাদের মতে, চলতি অর্থবর্ষে বিশ্বের আর্থিক অগ্রগতির হার ২ শতাংশেরও নীচে নেমে যাবে। করোনা মহামারীর সময়েও এতটা অবনতি হয়নি। সংস্থার আশঙ্কা, ২০০৯ সালের পর থেকে এটাই হতে চলেছে বিশ্ব অর্থনীতির সর্বনিম্ন অবনমন। ফিচ বলেছে, ট্রাম্পের শুল্ক নীতি আমেরিকাকেও রেহাই দেবে না। এর সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়তে চলেছে ট্রাম্পের দেশেই। তাদের পূর্বাভাস,মার্কিন মুলুকে চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার হবে ১.২ শতাংশ। চতুর্থ ত্রৈমাসিকে তা কমে দাঁড়াবে ০.৪ শতাংশ। আর আমেরিকার ‘পয়ল নম্বর শত্রু’ চীনের আর্থিক বৃদ্ধি চলতি ও আগামী অর্থবর্ষে ৪ শতাংশের নীচে থাকবে। ইউরোভুক্ত দেশগুলির আর্থিক অগ্রগতি ১ শতাংশের নীচে চলে যাবে বলে ফিচের অনুমান।



