স্বরূপনগরে ৪ বছর ধরে তালাবন্ধ ১৩ কোটি টাকায় তৈরি মৎস্য হাব!
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে তৈরি হয়েছিল কোটি টাকার পরিকাঠামো। পরিকল্পনা ছিল, মৎস্যচাষ থেকে শুরু করে মাছ সংরক্ষণ, বিপণন— সবকিছুর জন্য এক ছাদের তলায় তৈরি হবে আধুনিক ব্যবস্থা। উপকৃত হবেন সীমান্ত এলাকার হাজার হাজার মৎস্যজীবী ও মাছ ব্যবসায়ী। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্নের বাস্তবায়ন হয়নি। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে তৈরি মৎস্য হাব আজও তালাবন্ধ। প্রশাসনিক উদাসীনতায় কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে গোটা প্রকল্প। এতে ইতিমধ্যে থাকা সমস্যাগুলির কোনো সমাধান তো হচ্ছেই না, উল্টে নতুন কর্মসংস্থানের সম্ভাবনাও নষ্ট হচ্ছে।

Advertisement

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বাংলানি গ্রাম পঞ্চায়েতের সাড়ে ১০ হাজার বিঘার বিলবল্লি এলাকায় ২০২২ সালে এই মৎস্য হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন রাজ্য সরকারের আমলে এজন্য প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তৎকালীন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং এলাকার বিধায়ক বীণা মণ্ডলের উদ্যোগে প্রকল্পটি ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকার মৎস্যচাষ ও মাছের ব্যবসাকে আরও সংগঠিত করার ক্ষেত্রে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করেছিলেন বাসিন্দারা।
পরিকল্পনা অনুযায়ী, এই মৎস্য হাবকে কেন্দ্র করে মাছের উৎপাদন ও বিপণনের পাশাপাশি সংরক্ষণের আধুনিক পরিকাঠামো গড়ে ওঠার কথা ছিল। মাছ দীর্ঘক্ষণ ভালো রাখার জন্য হিমঘর ও কোল্ড স্টোরেজের ব্যবস্থাও করার কথা। সেই সঙ্গে বরফ তৈরির ইউনিট, মাছ বাছাই ও প্যাকেটজাত করার পরিকাঠামো, পাইকারি কেনাবেচার জায়গা এবং পরিবহণের সুবিধা তৈরি হলে মৎস্যজীবীরা সরাসরি লাভবান হতেন। মাছের চারা ও খাদ্য সরবরাহের মতো পরিষেবাও চালু করা গেলে স্থানীয় মৎস্যচাষের সুযোগ বাড়ত। পাশাপাশি মাছ ব্যবসায়ী, শ্রমিক, পরিবহণকর্মী-সহ বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল।
কিন্তু এত বড়ো পরিকল্পনা বাস্তবের মুখ দেখল না কেন, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকায়। স্থানীয় মৎস্যজীবী সুদামা মণ্ডলের অভিযোগ, প্রকল্পের পরিকাঠামো তৈরি হলেও সেটি চালুর বিষয়ে প্রশাসনের তরফে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে যে প্রকল্প তাঁদের জীবিকার উন্নতির কথা ভেবে তৈরি হয়েছিল, তার কোনো সুবিধাই তাঁরা পাচ্ছেন না। আরেক মৎস্যজীবী তৈমুর আলি বলেন, এলাকায় বহু মানুষ মাছ চাষ ও মাছের ব্যবসার সঙ্গে যুক্ত। এই হাব চালু হলে মাছ সংরক্ষণ এবং বাজারজাত করার ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যেত। বাইরে গিয়ে মাছ বিক্রি করার খরচও কমত। কিন্তু এত বছর কেটে গেলেও হাব চালু হল না। শুধু পরিকাঠামো তৈরি করে তালা ঝুলিয়ে রাখলে সাধারণ মানুষের কী লাভ?  নিজস্ব চিত্র