


কলকাতা, ১৪ মে: সর্বমোট ৫০০-র মধ্যে প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের হিসাবে ৯৯.২! এমনই চমকপ্রদ ফল করল এবছরের উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত পাল। আগামীদিনে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চায় সে।
বৃহস্পতিবার প্রকাশিত হল এবছরের উচ্চ মাধ্যমিকের ফল। মেধা তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ১৮ জন ছাত্র। প্রথমও হয়েছে এই স্কুল থেকে। নাম আদৃত পাল। ফল প্রকাশের পর টেলিফোনে তার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, ‘আরও বড়ো হও। পশ্চিমবঙ্গের মানুষ তোমার পাশে আছে। বড়ো হয়ে রাজ্য ও দেশের জন্য কাজ করো। সমাজের জন্য কাজ করো। রাষ্ট্রবাদের জন্য কাজ করো।’
আদৃতর বাবা ও মা দু’জনই অধ্যাপক। বাবা জীবনকৃষ্ণ পাল পড়ান আইএসআই-এ। আর, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষিকা মা ফাল্গুনি পাল। এদিন তাঁদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন করেন জীবনকৃষ্ণবাবু।
এইবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯১.২৩ শতাংশ। শতাংশের নিরিখে ছাত্রদের থেকে ছাত্রীরা পাশ করেছে বেশি। যেখানে ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ, সেখানে ছাত্রীদের ক্ষেত্রে তা ৯১.২৩ শতাংশ। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা (৯৪.১৯ শতাংশ)। এরপরে স্থান হাওড়ার। পাশের হার ৯৩.৮৪ শতাংশ। মেধাতালিকায় প্রথম দশে রয়েছে মোট ৬৪ জন।