Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কল্যাণী মহকুমা আদালত: ১ কোটি টাকার প্রতারণা, ডিজিটাল অ্যারেস্টে দেশে প্রথম দোষী সাব্যস্ত

ডিজিটাল অ্যারেস্ট মামলায় দেশে এই প্রথম দোষী সাব্যস্ত করা হল ৯ জনকে। বৃহস্পতিবার কল্যাণী মহাকুমা আদালত এদের দোষী সাব্যস্ত করে।

কল্যাণী মহকুমা আদালত: ১ কোটি টাকার প্রতারণা, ডিজিটাল অ্যারেস্টে দেশে প্রথম দোষী সাব্যস্ত
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: ডিজিটাল অ্যারেস্ট মামলায় দেশে এই প্রথম দোষী সাব্যস্ত করা হল ৯ জনকে। বৃহস্পতিবার কল্যাণী মহাকুমা আদালত এদের দোষী সাব্যস্ত করে। মামলাটি প্রায় ১ কোটি টাকা প্রতারণার। 

Advertisement

২০২৪ সালের ডিসেম্বর মাসে রানাঘাট পুলিস জেলার সাইবার বিভাগ  মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাত ও রাজস্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছিল। এদিন ৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের মধ্যে বাংলা সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা রয়েছে। বাকি চারজনকে এই মামলা থেকে রেহাই দেওয়া হয়েছে। তবে তারা অন্য মামলায় জেলে রয়েছে। 
সাইবার থানা সূত্রে খবর, বিদেশে বসে ডিজিটাল অ্যারেস্ট করে কল্যাণীর এক বৃদ্ধের এক কোটি টাকা লোপাট করার অভিযোগ উঠে। প্রতারকরা দুবাই ও কম্বোডিয়া থেকে মুম্বই পুলিসের আধিকারিক পরিচয় দিয়ে বৃদ্ধকে ফোন করে নিজেদের জালে ফাঁসিয়েছিল। তাঁকে বিভিন্ন ভুয়ো নথি দেখিয়ে সাতদিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখে। এক কোটি ১০ লক্ষ টাকা আদায় করে। নিমেষের মধ্যে অন্তত ১০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছড়িয়ে দেওয়া হয়। অবসরপ্রাপ্ত অধ্যাপক রানাঘাট সাইবার ক্রাইম থানায় গত বছর ১৬ নভেম্বর অভিযোগ জানান। এরপর সাইবার থানার স্পেশাল টিম গঠন করে তদন্তে নামে পুলিস। ৩১ দিন ধরে মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাত ও রাজস্থান ঘুরে ১৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে গুজরাতের এক মহিলা রয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় মোবাইল, ব্যাঙ্কের পাসবই, চেকবই, প্যান কার্ড সহ বহু নথি। প্রাথমিকভাবে প্রতারণার সাড়ে চার লক্ষ টাকা উদ্ধার হয় সেই সময়। 
এই বিষয়ে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, ২৬০০ পাতার চার্জশিট পুলিস জমা করে। ২৯ জন সাক্ষী দেয়। দেশের মধ্যে বাংলা প্রথম এই কাজ করে দেখাল। কল্যাণী সারা দেশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের মানচিত্রে একটা জায়গা করে রাখল। অন্যদিকে, রানাঘাট পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার সিদ্ধার্থ ধাপোলা বলেন, এই চক্র সারাদেশে অন্তত ১০০টি সাইবার অপরাধের মাধ্যমে প্রায় চারশো কোটি টাকার প্রতারণা করেছে। ভারতে ডিজিটাল অ্যারেস্টে প্রথম কেউ দোষী সাব্যস্ত হল। আমাদের পুলিস টিম খুব ভালো কাজ করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ