প্রতিবাদের মধ্যেই ইউনিভার্সিটি সার্ভিস কমিশনের রিভিউ কমিটির প্রথম বৈঠক
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের ইউনিভার্সিটি সার্ভিস কমিশন গঠনের উদ্যোগ ঘিরে প্রতিবাদের ঝড় উঠছে বিভিন্ন মহলে। তার মধ্যেই শুক্রবার প্রথম বৈঠক করলেন কমিশন বিষয়ক রিভিউ কমিটির সদস্যরা। কমিটির গুরুত্বপূর্ণ সদস্য এক উপাচার্য বলেন, প্রথম বৈঠকে কোনো বিস্তারিত আলোচনা হয়নি। সরকারের কি চাইছে, সেই বার্তা সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়। তবে চূড়ান্ত সুপারিশের আগে অনেক আলোচনা চালাতে হবে।

Advertisement

অন্যদিকে কমিশন গঠনের উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আধিকারিক ও কর্মীদের বদলির বিলের প্রতিবাদ জানিয়ে শনিবার আচার্য তথা রাজ্যপাল আর এন রবিকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোশিয়েশন (ওয়েবকুটা)। সংগঠনের সাধারণ সম্পাদক নিলয়কুমার সাহার পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, শিক্ষক বদলি, কেন্দ্রীভূত নিয়োগ ব্যবস্থা ইউজিসি রেগুলেশন এবং বিশ্ববিদ্যালয়গুলির অ্যাক্টের পরিপন্থী। এ ধরনের পদক্ষেপ বিশ্ববিদ্যালয়গুলির স্বাধিকারে সরাসরি আক্রমণ। এও যুক্তি দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলি অ্যাকাডেমিক প্রয়োজন, স্পেশালাইজেশন প্রভৃতির উপর ভিত্তি করে অধ্যাপক নিয়োগ করে থাকে। ইচ্ছামতো তাঁদের বদলি করা হলে বা নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রীভূত হলে সেই উদ্দেশ্য ব্যাহত হবে।
ইতিমধ্যেই রাজ্যপালকে স্মারকলিপি দিয়েছে অধ্যাপক সংগঠন অ্যাবুটাও। সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম মাইতি বলেন, ‘বিহারে সার্ভিস কমিশন চালু হলেও সেখানকার বিশ্ববিদ্যালয়গুলি সর্বভারতীয় স্তরে কলকাতা বা যাদবপুরের মতো উৎকর্ষ প্রতিষ্ঠা করতে পারেনি। ফলে বাংলায় বিহার মডেল অনুসরণের কোনো মানে হয় না। সেখানে অতিথি অধ্যাপকদের ১১ মাসের চুক্তিতে নিয়োগ এবং পুনর্নিয়োগের ব্যবস্থাও রয়েছে যা আপত্তিকর।’ বিহারের উদাহরণ দেখিয়ে কমিশন নিয়ে আপত্তি তুলেছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটিও। সাধারণ সম্পাদক তরুণকান্তি নস্কর বলেন, ‘ইউজিসির নিয়ম অনুযায়ী, কোনো বিষয়ের বিশেষজ্ঞ হিসাবে সংশ্লিষ্ট বিষয়ের বিভাগীয় প্রধান ইন্টারভিউয়ে থাকেন। কমিশনে সেই ব্যবস্থা সম্ভব নয়। সেক্ষেত্রে এটি ইউজিসির নিয়মের পরিপন্থী হবে।’ এই কারণগুলি তুলে ধরে সার্বিকভাবে এই উদ্যোগ বাতিলের দাবি তুলেছে সবপক্ষ।