Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

গণনায় বাড়ির ম্যাপ আপলোডিংয়ে ফার্স্ট বয় ডায়মন্ডহারবার পুরসভা ও মন্দিরবাজার ব্লক

সোমবার রাত ১২টায় শেষ হচ্ছে সেন্সাসে বাড়ি গণনার চূড়ান্ত কাজ। দক্ষিণ ২৪ পরগনার বাড়ি বাড়ি তথ্য তুলে সেটা আপলোড করার কাজ সম্পন্ন করেছেন অধিকাংশ ব্লকের গণনা কর্মীরা।

গণনায় বাড়ির ম্যাপ আপলোডিংয়ে ফার্স্ট বয় ডায়মন্ডহারবার পুরসভা ও মন্দিরবাজার ব্লক
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোমবার রাত ১২টায় শেষ হচ্ছে সেন্সাসে বাড়ি গণনার চূড়ান্ত কাজ। দক্ষিণ ২৪ পরগনার বাড়ি বাড়ি তথ্য তুলে সেটা আপলোড করার কাজ সম্পন্ন করেছেন অধিকাংশ ব্লকের গণনা কর্মীরা। শেষ পর্যায়ের কাজ বলতে হাউস লিস্টিং ব্লক বা গণনায় একটি এলাকায় যত বাড়ি আছে, তা নিয়ে ম্যাপ বানিয়ে আপলোড করা। ইনিউমারেটর ও সুপারভাইজারদের বানানো ম্যাপ জমা পড়বে ব্লক অথবা পুরসভায়। তারা চূড়ান্ত আপলোডিংয়ের কাজ করবে। এই কাজের নিরিখে দেখা গিয়েছে, পুরসভার মধ্যে একমাত্র ডায়মন্ডহারবার ও ব্লকের মধ্যে মন্দিরবাজারে সেটা শেষ। সোমবার সকালের রিপোর্ট থেকে পাওয়া গিয়েছে এই তথ্য। যদিও এদিন সকাল পর্যন্ত বহু ব্লক ও পুরসভায় এই ম্যাপ আপলোডিং অনেকটাই বাকি ছিল। 

Advertisement

ডায়মন্ডহারবার পুরসভায় ৭৪টি হাউস লিস্টিং ব্লক রয়েছে। অর্থাৎ, তাঁদের  আপলোড করতে হবে ওই সংখ্যক ম্যাপ। তাই তারা অনেক দ্রুত সেই কাজ সেরে ফেলেছে। ব্লক প্রশাসনের সক্রিয় ভূমিকার কারণে বাকিদের টেক্কা দিয়ে মন্দিরবাজার তাদের ৫৩৭টি হাউজ লিস্টিং ব্লকের ম্যাপ আপলোড সম্পন্ন করতে পেরেছে। আধিকারিকদের দাবি, ম্যাপ আপলোড হয়ে যাওয়া মানে সংশ্লিষ্ট জায়গার গণনা আনুষ্ঠানিকভাবে শেষ। এদিন সকালে জেলার যে রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে, মহেশতলা এবং জয়নগর মজিলপুর পুরসভায় এই কাজ শুরুই হয়নি। এছাড়াও জয়নগর ২ ব্লকের একটিও ম্যাপ আপলোড হয়নি বলেও উল্লেখ করা হয়েছে। ৯০ শতাংশের বেশি এলাকার ম্যাপ আপলোডিংয়ের কাজ শেষ করে ফেলেছিল কাকদ্বীপ, ঠাকুরপুকুর মহেশতলা, ভাঙড় ১, বারুইপুরের মত বেশ কিছু ব্লক। এদিকে, বাসন্তী, গোসাবা, ডায়মন্ডহারবার ১, নামখানা কিংবা ক্যানিং ২ এর মত ব্লকে ৫০ শতাংশও ম্যাপ অনলাইনে আপলোড করা হয়নি। এদিন রাত ১২টা পর্যন্ত সময় রয়েছে প্রক্রিয়া শেষ করার। বিভিন্ন ব্লক সূত্রে জানা গিয়েছে, একসঙ্গে অনেক কাজ করতে হচ্ছে বলে সংশ্লিষ্ট অ্যাপের গতি স্লো হয়ে যাচ্ছে। তবে তাদের আশা সময়ের মধ্যেই পুরো কাজ নেমে যাবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ