Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাক্তন তৃণমূল নেতার ছেলের জন্মদিনে শূন্যে গুলি হাওড়ায়, থানার অভিযোগ দায়ের বাসিন্দাদের

গুলি চালানোর ভিডিও এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বলে দাবি স্থানীয়দের।

প্রাক্তন তৃণমূল নেতার ছেলের জন্মদিনে শূন্যে গুলি হাওড়ায়, থানার অভিযোগ দায়ের বাসিন্দাদের
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ছেলের জন্মদিনের পার্টিতে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠেছে দক্ষিণ হাওড়ার দানেশ শেখ লেনের এক ব্যবসায়ী তথা প্রাক্তন তৃণমূল নেতা মাসুদ আলম খান ওরফে গুড্ডুর বিরুদ্ধে। বুধবার রাতে নাজিরগঞ্জে তাঁর লিচুবাগানের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন আচমকা গুলির আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। গুলি চালানোর ভিডিও এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বলে দাবি স্থানীয়দের। এরপরেই নাজিরগঞ্জ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা।

Advertisement

লিচুবাগান নতুন বস্তি এলাকার বাসিন্দাদের অভিযোগ, ব্যবসায়ী মাসুদ আলম খান ওরফে গুড্ডুর বাড়িতে প্রায়ই দুষ্কৃতীদের যাওয়া-আসা লেগে থাকে। এলাকায় সমাজ বিরোধীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত তাঁরা। বুধবার সেই বাড়িতে গুড্ডু খানের ছেলে আসাব খানের জন্মদিনের পার্টি চলছিল। রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা কয়েক রাউন্ড গুলি ছোড়ার শব্দ শুনতে পান বাসিন্দারা। প্রথমে আতঙ্কিত হলেও পরে বাসিন্দারা ভাবেন, হয়তো বাজি পোড়ানো হচ্ছে। এদিন সকালে সেই গুলি চালানোর ভিডিও তাঁরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পান বলে দাবি। এরপরেই আতঙ্কিত বাসিন্দারা স্থানীয় নাজিরগঞ্জ ফাঁড়ির দ্বারস্থ হন। গুড্ডু খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দা সাবিয়া খাতুন, মহম্মদ সোহেল বলেন, ‘সকালে সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখতে পাই, ওই অনুষ্ঠানে গুলি চালানো হচ্ছিল। আমরা ভীষণ আতঙ্কে রয়েছি। এলাকায় সব সময় দুষ্কৃতীদের যাওয়া আসা রয়েছে। পুলিশ ব্যবস্থা নিক।’
আগে এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিতি থাকলেও ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন গুড্ডু খান। মাস দুয়েক পর সেই দলও তার সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেয়। বর্তমানে তৃণমূল ও বিজেপি কারও সঙ্গেই গুড্ডুর যোগাযোগ নেই বলে জানিয়েছে দু’দল। তেলের ট্যাঙ্করের ব্যবসা রয়েছে গুড্ডু খানের। বন্দুক থেকে গুলি চালানোর বিষয়টি স্বীকার করলেও সেটি আগ্নেয়াস্ত্র নয় বলে দাবি গুড্ডু খানের। 
তিনি বলেন, ‘ছেলের জন্মদিন উপলক্ষ্যে বাজি পোড়ানো হচ্ছিল। কোনও আগ্নেয়াস্ত্র নয়, ওটা বেলুন ফাটানোর বন্দুক ছিল। এলাকার কিছু লোক আমার নামে বদনাম ছাড়ানোর চেষ্টা করছে।’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার 
তদন্ত চলছে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ