নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগে বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান চালাল দমকল। উদ্দেশ্য, ফায়ার অডিট ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা। শনিবার বেলা থেকে এই অভিযান শুরু হয়। চলে বেশ কয়েক ঘণ্টা। আনন্দপুর থেকে আলিপুর—শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন দমকলের আধিকারিকরা। দমকলের কলকাতার দক্ষিণ ডিভিশন ও হেডকোয়ার্টারের আধিকারিকরা অভিযানে অংশ নেন। দক্ষিণ ডিভিশনের ডিভিশনাল ফায়ার অফিসার নীহাররঞ্জন রায়, হেডকোয়ার্টারের অরুণ পট্টনায়েকসহ একাধিক অফিসার হাসপাতালগুলির ফায়ার ফাইটিং সিস্টেম, ফায়ার এলার্ম এক্সিট পয়েন্ট, পাম্প হাউস, হোস পাইপের গতি ইত্যাদি খতিয়ে দেখেন। হঠাৎ করে আগুন লাগলে হাসপাতালগুলিতে তৎপরতা কেমন, বিপদের মুখে চটজলদি কী কী করা উচিত, সে ব্যাপারে কতটা প্রশিক্ষণ আছে, সবকিছুরই খোঁজখবর নেন তাঁরা। -নিজস্ব চিত্র



