নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর : অমানবিক ছবি। হাতির দলকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে আগুনের গোলা! গড়বেতার গনগনি এলাকার এই ঘটনার ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। রূপনারায়ণ ডিভিশনের ডিএফও শিবানন্দ রাম বলেন, কড়া পদক্ষেপ নেওয়া হবে। আদালতে বিষয়টি জানানো হয়েছে। হাতিকে কোনও ভাবেই উত্তপ্ত করা যাবে না। ঘটনার তদন্ত চলছে।
জানা গিয়েছে, হাতির দলকে আগুনের গোলা ছোড়ার ঘটনা সামনে আসতেই চারজনের নামে এফআইআর করে বনদপ্তর। বন দপ্তরের আধিকারিক ও গ্রামবাসীরা জানান, রূপনারায়ণ ডিভিশনের আমলাগোড়া রেঞ্জ এলাকার ২০-২৫টি হাতির একটি দলকে গড়বেতা থেকে বাঁকুড়ার জঙ্গলের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। গত ২৯ আগস্ট এই কর্মসূচি চলাকালীন হাতির দলকে লক্ষ্য করে আগুনের গোলা ছোড়া হয়। জানা গিয়েছে, ঘটনার সময় বনদপ্তরের আধিকারিক ও হুলা পার্টির সদস্যরা এলাকায় ছিলেন।
বনকর্মীদের অভিযোগ, সেই এলাকার গ্রামবাসীরাই আগুনের গোলা ছুড়েছেন। অপরদিকে, গ্রামবাসীদের পাল্টা অভিযোগ, হাতি তাড়ানোর সময় হুলা পার্টির সদস্যরাই এই কাণ্ড ঘটিয়েছে।
বন দপ্তরের এক আধিকারিক বলেন, ঘটনার সময় হুলা পার্টির সদস্যরা পিছনের দিকে ছিল। গ্রামবাসীরা সামনে ছিল। কয়েকজন গ্রামবাসীকে চিহ্নিত করা গিয়েছে। কিছু মাস আগেও ঝাড়গ্রাম জেলায় একই ধরনের ঘটনা ঘটতে দেখা গিয়েছিল। সেখানেও হাতির দলকে ভয় দেখাতে গ্রামবাসীরা আগুনের গোলা ব্যবহার করেছিল। সেই ঘটনাতেও কড়া পদক্ষেপ করা হয়। মেদিনীপুরের পশুপ্রেমী চঞ্চল মণ্ডল বলেন, হাতি হচ্ছে জঙ্গলমহলের সম্পদ। এই ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। হাতি ক্ষতি করছে ঠিকই। কিন্তু আগুনের গোলা ছোড়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।