নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: সপ্তাহ দুয়েকের ব্যবধানে রায়গঞ্জে ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। সঙ্গে বাজেয়াপ্ত হল ৫ রাউন্ড গুলি। ধৃত ২ যুবক। পুলিসের বক্তব্য, বুধবার রাতে একটি বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল দুই যুবক। সেইসময় পুলিসি তল্লাশিতে বাইকটির সিটের তলা থেকে আগ্নেয়াস্ত্রটির খোঁজ মেলে।
রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রূপাহারে অভিযান চালায় পুলিস। সেইসময় দেশীয়ভাবে তৈরি ইম্প্রোভাইস আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়। অস্ত্র রাখার দায়ে রূপাহারের বাসিন্দা ধৃত সাহিল মহম্মদ (১৯) ও আজহারউদ্দিন (২২) নামে দুই যুবককে বৃহস্পতিবার জেলা আদালতে পাঠানো হয়েছে। তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিগত মাস থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়ে চলেছে। এনিয়ে গত মাস থেকে এ পর্যন্ত রায়গঞ্জ থানার পুলিস মোট ৪ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল। গ্রেপ্তার হয় মোট ৪ জন। বুধবার রাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার প্রসঙ্গে পুলিস সূত্রে খবর, এই ঘটনায় তদন্তকারীরাও অবাক। তাদের বক্তব্য, রূপাহার মুসলিমপাড়ার বাসিন্দা ধৃত সাহিল মহম্মদ ও আজহারউদ্দিনের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধমূলক কাজের রেকর্ড প্রাথমিকভাবে পাওয়া যায়নি। কিন্তু এত অল্প বয়সে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তাদের হাতে কীভাবে এল, তা নিয়েই তদন্তে জোর দেওয়া হচ্ছে। গুলিভর্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরির কারণ কী? বিক্রির উদ্দেশ্য নাকি, আগ্নেয়াস্ত্র পাচার? নাকি কোনও বদ অভিসন্ধি নিয়ে বাইকের সিটের তলায় অস্ত্র লুকিয়ে রূপাহার এলাকায় ঘোরাফেরা করছিল? এমন বহু প্রশ্নের উত্তর খুঁজছে পুলিস। - ধৃত দুই যুবক। -নিজস্ব চিত্র