নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ঘরের ভিতরে মজুত আলু ও পেঁয়াজের নীচে লুকিয়ে রাখা ছিল তৃণমূল নেতা পীযূষ ঘোষ খুনকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। ধৃত রাহুলের বয়ানের ভিত্তিতে শনিবার গোপীকাঁদর এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে সাঁইথিয়া থানার পুলিস। পরবর্তীতে পাঁচদিনের রিমান্ড শেষে সোমবার ধৃত রাহুল ঘোষ এবং সারদামণি মজুমদারকে আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিস পুনরায় রাহুলকে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। সরকারি আইনজীবী কেশব দেওয়াসী বলেন, তদন্তের স্বার্থে আদালত রাহুলকে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে। সারদামণিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। জেলা পুলিস সুপার আমনদীপ বলেন, খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তদন্তের স্বার্থে একজনকে পুনরায় হেপাজতে নেওয়া হয়েছে।



