এন আর এসের হস্টেল  চত্বরে আগুন, সাইলেন্স  জোনে বাজি ফাটাল কে? রকেটে পুড়ল চোরবাগানের দুর্গামণ্ডপও
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘হাসপাতাল, বৃদ্ধাশ্রম সংলগ্ন এলাকা সাইলেন্স জোন হিসাবেই বিবেচনা করা হয়। এই চত্বরে কোথাও কোনো বাজি পোড়ানো যায় না।’ নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। একইসঙ্গে, বিনা লাইসেন্সে ফানুস ওড়ানোর বিষয়েও নিষেধাজ্ঞা জারি করেছিলেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তা। কিন্তু, আদতে তাঁর কোনো নির্দেশই ধোপে টিকল না। ‘সাইলেন্স জোনে’ দেদারে পুড়ল বাজি। বাদ নেই সরকারি হাসপাতালও। এন আর এস মেডিকেল কলেজ ও হাসপাতালের হস্টেল চত্বরে বাজি পোড়ানোর জেরে দুর্ঘটনাও ঘটল। অল্পের জন্য বড়োসড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা মেলে। অন্যদিকে, কালীপুজোর রাতে অভিশপ্ত চোরবাগান সর্বজনীনের দুর্গামণ্ডপে আগুন লাগে। তবে স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। লালবাজার জানিয়েছে, কালী-রাতে শহরজুড়ে মোট ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সবকটির নেপথ্যেই বাজি। গত পাঁচ বছরে কালীপুজোর রাতে শহরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

Advertisement

এন আর এসের বয়েজ হস্টেলের সামনে বাজি পোড়াচ্ছিলেন চিকিৎসক-পড়ুয়ারা। সেখান থেকে আগুনের ফুলকি গিয়ে পড়ে আবর্জনার স্তূপে। তা থেকেই আগুন ধরে যায়। হাসপাতালের নিরাপত্তারক্ষীরা তৎপরতার সঙ্গে অগ্নিনির্বাপণ যন্ত্র নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। চিকিৎসক-পড়ুয়ারাও সাহায্য করেন তাঁদের। কিছুক্ষণের মধ্যেই অবশ্য আগুন নিভে যায়। কিন্তু, হাসপাতালে বাজি পোড়ানোর ফলে সেখানে দূষণের মাত্রা বাড়ে। সেক্ষেত্রে রোগীদের অসুবিধা হতে পারে। বাজির শব্দ রোগীদের সমস্যার কারণ হতে পারে। খোদ চিকিৎসক-পড়ুয়ারা কীভাবে রাজ্য পুলিশের বিধি ভেঙে বাজি পোড়ালেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 
অন্যদিকে, ১৯ জনের মৃত্যুর তদন্তে তিনমাস চোরবাগানের পুজো মণ্ডপ না খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার গঠিত সিট। সরু গলিতে এখনও দাঁড়িয়ে রয়েছে মণ্ডপটি। কালীপুজোর রাতে সেখানেও বিঘ্ন ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি জ্বলন্ত রকেট এসে পড়ে মণ্ডপের পিছনের অংশে। ত্রিপলে আগুন ধরে যায়। পাশেই একটি কালীপুজো হচ্ছিল। উদ্যোক্তারা জল দিয়ে আগুন নেভান। ঘটনাস্থলে আসে গিরিশ পার্ক থানার পুলিশ। যদিও তার আগে আগুন নিভে যায়। এই ঘটনায় স্থানীয়দের বক্তব্য, অপরিসর গলির ভিতরে মণ্ডপ রেখে দেওয়া হয়েছে। আবার যদি কোনোভাবে বড়ো আগুন লাগে, তাহলে পাড়ার মানুষ তো বেরনোর পথ পাবে না! আরও বড়ো বিপদ ঘটতে পারে। এদিকে, রুবি পার্ক এলাকায় একটি আবাসনের কেয়ার-টেকার রুমে প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুরুতর জখম হন কেয়ারটেকার ও তাঁর স্ত্রী। হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁদের। প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছেন দু’জনেই। রবিবার রাতে বেলেঘাটা মেন রোডে বাজির জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি। সেখানে যায় দমকলের চারটি ইঞ্জিন। এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।